আয় আছে কোটি টাকা, নেই হাটের উন্নয়ন
বিগত ১৫ বছরে রংপুর পৌরসভার লালবাগ হাট থেকে প্রায় তিন কোটি টাকা আয় হয়েছে। সরকারি নিয়মানুযায়ী এই আয়ের ৪০ শতাংশ অর্থাৎ এক কোটিরও বেশি টাকা হাটের উন্নয়ন খাতে ব্যয় করার নিয়ম থাকলেও সেটি করা হয়নি। পয়ঃনিষ্কাশনে ২০ লাখ টাকা ব্যয় করা হলেও তা ভেস্তে যেতে বসেছে। পৌরসভা সূত্রে জানা গেছে, ২০১০-১১ অর্থবছরে ৪৭ লাখ ৮০ হাজার টাকায় হাটটি ইজারা দেওয়া হয়। এর আগের বছর ইজারা ছিল ৪১ লাখ ৮৫ হাজার টাকা। এভাবে বিগত ১৫ বছরে পৌরসভা গড়ে প্রায় তিন কোটি টাকা ইজারা পেয়েছে। সরকারি নিয়মানুযায়ী, এই ইজারার শতকরা ৪০ শতাংশ টাকা হাটের অভ্যন্তরীণ রাস্তা নির্মাণ, সংস্কার, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা দূরীকরণসহ অন্যান্য উন্নয়ন খাতে ব্যয় করার কথা। সপ্তাহের প্রতি রোব ও বুধবার হাট বসে। অন্যান্য দিন নিয়মিত বাজার বসে। গরু-ছাগল কেনাবেচার জন্য এই হাট হলো এ অঞ্চলের সর্ববৃহৎ হাট। সরেজমিনে দেখা গেছে, পুরো হাটে শৌচাগার মাত্র একটি। বাজারের পশ্চিম দিকের শৌচাগারটি থেকে ময়লা উপচে পড়ছে। গরু-ছাগল কেনাবেচার জায়গার পরিবেশও অস্বাস্থ্যকর। সামান্য বৃষ্টিতে পানি জমে যায়। হাটের ব্যবসায়ী সাইদুল ইসলাম বলেন, এখান থেকে পৌর কর্তৃপক্ষ আয় করে ঠিকই, কিন্তু উন্নয়ন করার কথা বলা হলেও তারা এই কাজটি করে না। ব্যবসায়ী ইলিয়াছ মিয়া বলেন, উন্নয়ন নেই বলে বিশেষ করে বর্ষাকালে খুবই ভোগান্তির মধ্যে পড়তে হয়। ব্যবসায়ী জয়নাল মিয়া বলেন, এত বড় একটি হাট। এখান থেকে প্রতিবছরই লাখ লাখ টাকা আয় হয়। কিন্তু এখানে কোনো উন্নয়নের ছোঁয়া নেই। হাটের ইজারাদার মাহমুদুল হাসান বলেন, ‘ইজারার টাকা পৌর কর্তৃপক্ষকে যথাসময়ে দিয়ে দেওয়া হয়। আমরা এই শেষ অর্থবছরে ভ্যাটসহ মোট ৫৯ লাখ টাকা পৌরসভা ও সরকারি কোষাগারে জমা দিয়েছি। সরকারি নিয়ম থাকলেও দীর্ঘ ১৫ বছরেও এখানে কোনো উন্নয়ন করা হয়নি। এ বছরের শুরুতে পাইপ বসিয়ে পয়ঃনিষ্কাশন সমস্যা দূর করা হলেও সেটিরও এখন বেহাল দশা। পৌরসভার নির্বাহী প্রকৌশলী এমদাদ হোসেন প্রথম আলোকে বলেন, ইজারার ৪০ শতাংশ টাকা দিয়ে হাটের সংরক্ষণ, মেরামত ও উন্নয়নের নিয়ম থাকলেও তা করা হয়নি। এ বছর মাত্র ২০ লাখ টাকা ব্যয় করা হয়েছে। নিয়ম থাকার পরও এই খাতে ব্যয় হলো না কেন—জানতে চাইলে তিনি এ ব্যাপারে কোনো মন্তব্য করেননি। পৌরসভার মেয়র এ কে এম আবদুর রউফ আয়ের কথা স্বীকার করে বলেছেন, হাটের ইজারার টাকা পৌরসভার অন্যান্য উন্নয়ন খাতে ব্যয় করা হয়।