আয়-উৎপাদনে বাড়ছে ইলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইলিশ
ইলিশ

পাতে ইলিশ পড়লে গালভরে হেসে গাপুস-গুপুস করে না, এমন মানুষ কমই আছে। অতিথি আপ্যায়নেও ইলিশের কদর কম নয়। আর বন্ধুত্ব জোরদারে উপহার হিসেবে ইলিশের পাল্লা ভারী। ইলিশ ভারী এখন উৎপাদনের পাল্লায়ও।

গত বছর ভরা মৌসুমে ইলিশের আধিক্য ছিল অন্যতম আলোচিত ঘটনা। চার দশকে ইলিশের উৎপাদন বেড়েছে দ্বিগুণের বেশি।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, গত বছরের মতো এবারও বাজারে ইলিশের পর্যাপ্ত সরবরাহ থাকার সম্ভাবনা আছে। কারণ, উৎপাদন বাড়ছে ইলিশের। কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে বেড়ে চলেছে এর উৎপাদন। এর পেছনে জাটকা নিধন কমিয়ে আনাসহ ইলিশ সংরক্ষণের কৌশলগুলো কাজে দিচ্ছে। গবেষকদের মতে, গত বছর প্রায় ২০ হাজার কোটি টাকার ইলিশ উৎপাদন হয়েছে। গত বছরের মতো ফারাক্কার পানিপ্রবাহ থাকলে ইলিশের উৎপাদন আরও বাড়ানো সম্ভব। পৃথিবীর ৬০ শতাংশ ইলিশের উৎপাদিত হয় বাংলাদেশে। আর বছরে দেশের মোট মাছ উৎপাদনের শতকরা ১১ ভাগ এককভাবে আসে ইলিশ মাছ থেকে।

ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচারের (আইইউসিএন) ইকোসিস্টেম ফর লাইফ শীর্ষক প্রকল্পের এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৮৭-৮৮ সালে দুই লাখ টনের নিচে ছিল ইলিশের উৎপাদন। এরপর থেকে প্রায় এক যুগ পর্যন্ত আড়াই লাখ টনের মধ্যে ওঠা-নামা করেছে ইলিশের উৎপাদন। তবে ২০০২-০৩ সালের দিকে উৎপাদন আশঙ্কাজনক হারে দুই লাখ টনের অনেক নিচে নেমে আসে। জাটকা নিধনকে এর পেছনে অন্যতম কারণ হিসেবে ধরে নেওয়া হয়। ইলিশের উৎপাদন বাড়ানোর জন্য ওই সময় সরকারি পর্যায় থেকে পরীক্ষামূলকভাবে কিছু পদক্ষেপ নেওয়া শুরু হয়। যার সুফল পরের বছর থেকে পাওয়া যেতে থাকে। এখন পর্যন্ত এটা ঊর্ধ্বমুখী। সর্বশেষ ইলিশের উৎপাদন চার লাখ ছুঁই ছুঁই।

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের তথ্য অনুসারে, ২০১০-১১ অর্থবছরে ৩ লাখ ৩৯ হাজার ৮৪৫ টন ইলিশ ধরা হয়। এর মধ্যে ১ লাখ ১৪ হাজার ৫২০ টন নদ-নদী ও উপকূলীয় এলাকা থেকে এবং ২ লাখ ২৫ হাজার ৩২৫ টন সাগর থেকে ধরা হয়। স্বাধীনতার সময় শতকরা ৯০ ভাগ ইলিশই পদ্মা, যমুনা, মেঘনা, কুমার, ধলেশ্বরী, গড়াই, পায়রা ও চিত্রা নদী থেকে ধরা হতো। পরবর্তী সময়ে পদ্মার উজানে ভারতের অংশে ফারাক্কা বাঁধ নির্মাণের ফলে পদ্মা নদীর প্রবাহ ও নাব্যতা বহুলাংশে কমে গেলে স্থানে স্থানে চর পড়তে শুরু করে। এতে ধীরে ধীরে অভ্যন্তরীণ নদ-নদীতে ইলিশের আহরণ কমতে থাকে এবং মেঘনার নিম্ন অববাহিকা, উপকূলীয় অঞ্চল ও সমুদ্র থেকে ইলিশের আহরণ দেখা যায়। বর্তমানে অভ্যন্তরীণ নদ-নদী থেকে যে পরিমাণ ইলিশ আহরণ করা হয়, এর দ্বিগুণ পরিমাণ সাগর থেকে আহৃত হচ্ছে।

মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ আরিফ আজাদ প্রথম আলোকে বলেন, ইলিশ সংরক্ষণে বেশ কিছু পদক্ষেপ নেওয়ার সুফল পেতে শুরু করেছে দেশ। জাটকার প্রধান পাঁচটি বিচরণক্ষেত্র বা অভয়াশ্রম শনাক্ত করা হয়েছে। চাঁদপুর জেলার ষাটনল থেকে লক্ষ্মীপুর জেলার চর আলেকজান্ডার পর্যন্ত মেঘনা নদীর অংশ (নিম্ন মেঘনা নদী), ভোলা জেলার শাহবাজপুর চ্যানেল ও তেঁতুলিয়া নদীর অংশ, পটুয়াখালী জেলার আন্ধারমানিক নদের অংশ এবং শরীয়তপুর জেলার নড়িয়া-ভেদরগঞ্জ উপজেলা ও চাঁদপুর জেলার মতলব উপজেলার পদ্মা-মেঘনার মিলনস্থল প্রায় ২০ কিলোমিটার এলাকা বছরের নির্দিষ্ট কিছু সময়ে (মধ্য ফাল্গুন থেকে মধ্য বৈশাখ, অর্থাৎ ১ মার্চ থেকে ৩০ এপ্রিল, তবে আন্ধারমানিক নদে মধ্য কার্তিক থেকে মধ্য মাঘ, অর্থাৎ ১ নভেম্বর থেকে ৩১ জানুয়ারি) মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে। প্রায় সাত হাজার বর্গকিলোমিটার এলাকায় ২২ দিন সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে। মে-জুলাই মাসে ৬৫ দিন সাগরে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে। নজরদারির জন্য মৎস্য অধিদপ্তরের সঙ্গে কোস্টগার্ড যুক্ত করা হয়েছে। তিনি জানান, ২০১৫-১৬ অর্থবছরে ৩ লাখ ৯৮ হাজার টন ইলিশ মাছ উৎপাদিত হয়েছে। তবে তিনি স্বীকার করেন, জাটকা নিধন আগের তুলনায় কমিয়ে আনা গেলেও তা বন্ধ করা সম্ভব হয়নি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. এম নিয়ামুল নাসের প্রথম আলোকে জানান, ইলিশ সারা বছরই অল্পবিস্তর প্রজনন করে থাকে। ইলিশের পরিপক্বতার মাত্রা পরীক্ষা-নিরীক্ষা করে বছরে দুটি প্রধান প্রজনন মৌসুম নিরূপণ করা গেছে। একটি ভাদ্র-আশ্বিন (সেপ্টেম্বর-অক্টোবর) ও অন্যটি অগ্রহায়ণ-পৌষ (জানুয়ারি-ফেব্রুয়ারি) মাসে। তিনি বলেন, ‘ইলিশ মাছ যত বড় হয়, তত তা সুস্বাদু হয়। সাধারণত আমরা যেসব ইলিশ খাই, সেগুলো ৩৫০ গ্রাম থেকে এক কেজি ওজনের। ৫০০ গ্রাম থেকে এক কেজি ওজনের মাছগুলো এক থেকে দুই বছর বয়সী। এগুলোকে অন্তত চার বছর পর্যন্ত বড় হওয়ার সুযোগ দিলে তিন কেজি ওজনের ইলিশ পাওয়া সম্ভব। এতে উৎপাদনও বাড়বে।’

অধ্যাপক এম নিয়ামুল নাসের আরও বলেন, ফারাক্কা বাঁধের কারণে রাজশাহীর পবা অঞ্চলে পানিপ্রবাহ কমে গেছে। জায়গায় জায়গায় চর পড়ে গেছে। পানি এতটাই অগভীর যে মা ইলিশ সেই পানি পার হয়ে পদ্মা নদী পর্যন্ত যেতে পারছে না। ফারাক্কার পানিপ্রবাহ স্বাভাবিক রেখে রাজশাহীর গোদাগাড়ী পর্যন্ত মা ইলিশের পরিযায়ন নিশ্চিত করা গেলে উৎপাদন আরও দুই লাখ টন বাড়ানো সম্ভব। তিনি জানান, গত অর্থবছরে ৩ লাখ ৯৮ হাজার টন ইলিশ মাছ উৎপাদিত হয়েছে, ৫০০ টাকা কেজি দরে যার বাজারমূল্য প্রায় ২০ হাজার কোটি টাকা।