আয় ও ব্যয়ের উচ্চাভিলাষী বাজেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের প্রস্তাবিত বাজেটকে শুধু ব্যয় নয়, আয়ের ক্ষেত্রেও উচ্চাভিলাষী বলে আখ্যায়িত করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলটির বাজেট মূল্যায়নে বলা হয়, এ ধরনের বাজেট বাস্তবায়নের জন্য প্রশাসনে যে ধরনের কর্মস্পৃহা ও দক্ষতা দরকার তা বর্তমান রাষ্ট্রযন্ত্রে নেই। যার ফলে বাজেট বাস্তবায়ন নিয়ে অর্থমন্ত্রী নিজেও সংশয় প্রকাশ করেছেন। গতকাল শনিবার সিপিবির সভাপতি মনজুরুল আহসান খান ও সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম এক বিবৃতিতে প্রস্তাবিত বাজেট নিয়ে এ মূল্যায়ন করেন। বিবৃতিতে বলা হয়, বাজেটে সব শ্রেণীর মানুষকে খুশি করার কৌশল থাকলেও অর্থনৈতিক কর্মকাণ্ডের সব আয়োজনই করা হয়েছে ধনিক শ্রেণীর কথা মাথায় রেখে। অবকাঠামো উন্নয়ন বন্ডে বিনিয়োগের জন্য এবারও কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে। কোনো ব্যাখ্যা ছাড়াই এই সুযোগ দেওয়ায় দুর্নীতি, চোরাচালান ও লুটপাটের মাধ্যমে অর্জিত কালো টাকা বৈধ করা যাবে।বাজেটে বিত্তবানদের অনেক দাবি পূরণ করা হলেও শ্রমিক শ্রেণী ও মধ্যবিত্তের জন্য তেমন কোনো সুখবর নেই বলে সিপিবি মনে করে। বিবৃতিতে বলা হয়, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও মানুষের ক্রয়ক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে আগের বছরের অকার্যকর পদক্ষেপই বহাল রাখা হয়েছে। এর ফলে দরিদ্র মানুষ কিছুদিনের জন্য খাদ্য নিশ্চয়তা পাবে। তবে সামগ্রিকভাবে তাদের সংকট কাটানোয় কোনো ভূমিকা রাখবে না। রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণ না হলে প্রতিবারের মতো এবারও ঘাটতি বেড়ে যাবে।