আয় থেকে ব্যয় করে চলতে পারল না জগন্নাথ বিশ্ববিদ্যালয়
নিজেদের আয় থেকেই বিশ্ববিদ্যালয় চলবে—এমন ব্যতিক্রমী আইনের মাধ্যমে ২০০৫ সালের ২০ অক্টোবর জগন্নাথ কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা হয়। কিন্তু প্রতিষ্ঠার সাড়ে চার বছর পর ওই অবস্থান ধরে রাখতে পারছে না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এখন বলা হচ্ছে, অন্যান্য সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয়েরও সরকারি অনুদান প্রয়োজন। ইতিমধ্যে জাতীয় সংসদে আইনের ধারাটি সংশোধন করার প্রক্রিয়া শুরু হয়েছে। এটা শেষ না হওয়া পর্যন্ত অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মতো অর্থ বরাদ্দের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। সূত্র জানায়, সোমবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে চিঠি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে মঞ্জুরি কমিশন। কমিশন একই সঙ্গে ২০০৯-১০ অর্থবছরের সংশোধিত এবং ২০১০-১১ অর্থবছরের বাজেটে দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো অর্থ বরাদ্দ রাখার কথা জানিয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মেসবাহউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, মঞ্জুরি কমিশনের এই সিদ্ধান্ত ইতিবাচক। এতে বিশ্ববিদ্যালয়ের আর্থিক সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে। তিনি বলেন, সংসদে আইন সংশোধন প্রক্রিয়ায় অনেকটা অগ্রগতি হয়েছে। জানা যায়, অর্থসংক্রান্ত বিশ্ববিদ্যালয় আইনের ২৭(৪) ধারা সংশোধন না হওয়া পর্যন্ত অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো অর্থ বরাদ্দ চেয়ে গত ডিসেম্বরে শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করা হয়। দুই মাস পর গত ফেব্রুয়ারিতে মন্ত্রণালয় এ বিষয়ে ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে নির্দেশ দেয়। পরে কমিশন অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে বাজেটে সরকারি অর্থ বরাদ্দের সিদ্ধান্ত নেয়। বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী ২০০৯-১০ অর্থবছরে বিশ্ববিদ্যালয়কে আট কোটি টাকা দেওয়ার কথা ছিল। কিন্তু সরকার বরাদ্দ দেয় ১০ কোটি টাকা। সংশোধিত বাজেটে আরও আড়াই কোটি টাকা দেওয়া হয়। বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী ২০১০-১১ অর্থবছরে বিশ্ববিদ্যালয়টিকে ছয় কোটি, ২০১১-১২ অর্থবছরে চার কোটি টাকা এবং ২০১২-১৩ অর্থবছরে দুই কোটি টাকা বরাদ্দ দেওয়ার কথা। এর পর থেকে সরকার আর কোনো অর্থ বরাদ্দ দেবে না। তবে আসন্ন বাজেটে ১৯ কোটি ৪৮ লাখ টাকা দিতে সম্মত হয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। সূত্র জানায়, বিশ্ববিদ্যালয় প্রকল্প বাস্তবায়ন (পিপি) অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের প্রথম পাঁচ বছরে আয়ের লক্ষ্যমাত্রা অর্জনে শুরু থেকেই কর্তৃপক্ষ ছাত্রদের ভর্তি ও পরীক্ষা ফি বাড়ানোসহ নানাভাবে টাকা আদায়ের চেষ্টা করেছে। কিন্তু কোনো বছরই বিশ্ববিদ্যালয় তার লক্ষ্যমাত্রা অনুযায়ী আয় করতে পারেনি। তার পরও বিষয়টি ঘিরে এ নিয়ে ছাত্র আন্দোলন লেগেই থাকছে। বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মো. শওকত জাহাঙ্গীর বলেন, ‘আইনের বাধ্যবাধকতার জন্য মঞ্জুরি কমিশন আমাদের চাহিদামতো টাকা দিতে পারছিল না। কিন্তু মন্ত্রণালয়ের নির্দেশে কমিশন ২০১০-১১ অর্থবছরের জন্য ১৯ কোটি ৪৮ লাখ টাকা দিতে রাজি হয়েছে।’