আয় বন্ধের শঙ্কায় পাল্লাতলবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আয়ের একমাত্র অবলম্বন পানজুমে কাজ করছেন এক আদিবাসী তরুণ। গত শুক্রবার ছবিটি তুলেছেন আনিস মাহমুদ
আয়ের একমাত্র অবলম্বন পানজুমে কাজ করছেন এক আদিবাসী তরুণ। গত শুক্রবার ছবিটি তুলেছেন আনিস মাহমুদ

‘পানজুম অইল আমরার পেট। এই পেট না থাকলে পিঠ দিয়ে আর কী অইব’—কথাটি বললেন আদিবাসী লোকাশ বাহাদুর। তিনি ভারত সীমান্তবর্তী মৌলভীবাজারের বড়লেখা উপজেলার শাহবাজপুর ইউনিয়নের পাল্লাতলের বাসিন্দা।
লোকাশ শাহবাজপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬ নম্বর ওয়ার্ডের সদস্য এবং পাল্লাতল পানপুঞ্জিপ্রধান (হেডম্যান)। ভারতের পার্লামেন্টে সীমান্ত চুক্তি বিল পাস হওয়ার পর থেকে লোকাশের মতো পাল্লাতলের সবাই উদ্বিগ্ন, তাঁদের আয়ের একমাত্র অবলম্বন পান চাষের ওই জায়গা থাকবে কি না। কারণ, পানজুম এলাকা অপদখলীয় জমি। ওই এলাকায় গত বুধবার ও বৃহস্পতিবার দুই দফা মাপজোখ করেছে ভারতীয় জরিপ দল। এতে পাল্লাতলের বাসিন্দাদের উদ্বেগ আরও বেড়েছে। এ ছাড়া পানজুম থাকবে, না ভারতে চলে যাবে—প্রশাসন এ বিষয়ে নিশ্চিত করে কিছু না জানানোয় তাঁরা রয়েছেন দোলাচলে।
পাল্লাতলের বাসিন্দারা মনে করছেন, পানজুম ভারতে চলে গেলে জীবিকা বন্ধ হওয়ার কারণে পাল্লাতল থেকে তাঁদের বসতিও গুটাতে হবে। ‘পিঠ’ বলতে বসতিকেই বুঝিয়েছেন লোকাশ।
বৃহস্পতিবার দিনে, রাতে ও শুক্রবার সকালে পাল্লাতলের আদিবাসী পল্লি, পানজুম সরেজমিনে ঘুরে সবার মনেই এই উদ্বেগ, শঙ্কা দেখা গেছে। পাল্লাতলের ওপারে ভারতের করিমগঞ্জ জেলা। স্থানীয় আদিবাসী, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর সূত্রে জানা গেছে, পাল্লাতল সীমান্তের ১৩৭০ নম্বর প্রধান খুঁটি থেকে ১৩৭৪ নম্বর খুঁটি পর্যন্ত¯প্রায় ৩৬০ একর জায়গা বাংলাদেশের অপদখলে রয়েছে। এখানেই বাংলাদেশি খাসী বা খাসিয়া ও গারোদের পানজুম (পানপুঞ্জি)। এর পাশে খাসী ও গারো সম্প্রদায়ের প্রায় তিন হাজার মানুষের বাস। বসতিগুলো বাংলাদেশের অভ্যন্তরে। এগুলো শাহবাজপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত।
১৯৭৪ সালের মুজিব-ইন্দিরা চুক্তি অনুযায়ী ২০১০ সালের ডিসেম্বর থেকে সীমান্তে যৌথ জরিপ দল কাজ করে। এ সময় অপদখলীয় বেশির ভাগ জায়গা ছেড়ে দেওয়া হবে—এমন খবরে আদিবাসীসহ এলাকাবাসীর মধ্যে বিক্ষোভ পরিস্থিতির সৃষ্টি হয়। এতে ২০১১ সালের ২৮ আগস্ট জরিপ দলটি সেখান থেকে ফিরে যায়। সীমান্তে জরিপকাজ শেষে ২০১১ সালের ৩ সেপ্টেম্বর পাল্লাতলের নির্দেশক মানচিত্রে (ইনডেক্স ম্যাপ) যৌথ জরিপ দল স্বাক্ষর করে।
যৌথ জরিপসংশ্লিষ্ট একটি সূত্র জানায়, নির্দেশক মানচিত্রে পাল্লাতল সীমান্তের ১৩৭০ নম্বর প্রধান খুঁটির ৩ নম্বর উপখুঁটি থেকে ১৩৭১ নম্বর প্রধান খুঁটির ৬ নম্বর উপখুঁটি পর্যন্ত ৫৭ একর এবং ১৩৭২ নম্বর প্রধান খুঁটি থেকে ১৩৭৪ নম্বর খুঁটির ২ নম্বর উপখুঁটি পর্যন্ত ১৭ দশমিক পাঁচ একর বাংলাদেশের অভ্যন্তরে দেখানো হয়। বাকি জায়গা দেখানো হয় ভারতের সীমানায়।
পাল্লাতল পাহাড়ি এলাকা। একাংশে চা-বাগান। পাল্লাতল পানজুম ঘিরে রয়েছে কুমারশাইল ও বাতামড়ল নামে আরও দুটি পানপুঞ্জি। সরেজমিনে গেলে বাসিন্দারা জানান, সীমান্ত চুক্তি বিল পাসের পর সীমান্ত এলাকায় নতুন করে মাপজোখ করার ভারতীয় তৎপরতা দেখে প্রথমে বড়লেখা উপজেলা ও গত ৭ মে মৌলভীবাজার জেলা প্রশাসনকে জানানো হয়। প্রশাসন থেকে বলা হয়েছে, এ সংক্রান্ত তৎপরতার খবর তাঁদের জানা নেই। তবে মাপজোখ তৎপরতা অব্যাহত থাকায় ১১ মে জেলা প্রশাসনকে পাল্লাতল, কুমারশাইল ও বাতামড়ল পানপুঞ্জির পক্ষে লিখিতভাবে জানানো হয়, পানজুম ভারতে হস্তান্তর হলে ১২০০ আদিবাসী কর্মহীন হয়ে পড়বে। সরাসরি ক্ষতিগ্রস্ত হবে ২০০ পরিবার।
১৯ মে বাংলাদেশ আদিবাসী ফোরামের কেন্দ্রীয় একটি প্রতিনিধিদল পাল্লাতল পরিদর্শন করে। সেদিন বিকেলে পাল্লাতল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে একটি সভা হয়। সভায় পাল্লাতলের বিভিন্ন গোত্রপ্রধান ও প্রতিনিধিদের ৪০ জনের মতামত নিয়ে সেখানে শান্তিপূর্ণভাবে বসবাসের ও কোনো ধরনের দখল তৎপরতা এলে তা সম্মিলিতভাবে প্রতিহত করার সিদ্ধান্ত হয়।
যোগাযোগ করা হলে গতকাল রোববার মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. কামরুল হাসান প্রথম আলোকে জানান, পাল্লাতল বিষয়ে কোনো ধরনের নির্দেশনা তাঁদের কাছে পৌঁছায়নি। সীমান্তের ওপারে মাপজোখের বিষয়টি জানালে তিনি বলেন, ‘ব্যাপারটি আদিবাসীরা আমাদের লিখিতভাবে জানিয়েছেন। আমরাও জেনে রেখেছি। কিন্তু সীমান্ত চুক্তি বিল পাস হওয়ার পর ভূমি ভারতের কাছে হস্তান্তর হবে কি না, এ বিষয়ে প্রশাসন এখনো কিছু জানে না। যদি জানানো হয়, তাহলে আমাদের স্বার্থ বিবেচনায় রেখে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’