আয় বাড়লেও সেবার মান বাড়েনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের পাঁচবিবি রেলস্টেশন দিয়ে চলাচলকারী যাত্রীসংখ্যা প্রতিদিন বাড়ছে। এর সঙ্গে বাড়ছে রেলের আয়। কিন্তু সেই অনুপাতে বাড়েনি যাত্রীসেবার মান। যাত্রীদের অভিযোগ, ট্রেন সবসময় কয়েক ঘণ্টা বিলম্বে চলাচল করে, যাত্রীদের বিশ্রামাগার উন্নত নয়, প্রয়োজনীয়সংখ্যক শৌচাগার নেই, প্ল্যাটফর্ম নোংরা ও অপরিচ্ছন্ন। এসব কারণে যাত্রীরা এখানে এসে দুর্ভোগ পোহায়। স্টেশন সূত্রে জানা গেছে, গত ছয় মাসে এই স্টেশন দিয়ে চলাচলকারী ছয়টি আন্তনগর ট্রেনের যাত্রীসংখ্যা ছিল ৩২ হাজার ২১ জন। টিকিট বিক্রি বাবদ আয় হয়েছে ১৩ লাখ ২১ হাজার ৮৬৯ টাকা। পাঁচবিবির ছোটমানিক গ্রামের বাসিন্দা ও ট্রেনযাত্রী আওলাদ হোসেন জানান, ময়লা-আর্বজনা পরিষ্কার না করায় দুর্গন্ধে স্টেশনে বসা যায় না। পাঁচবিবি উচাই গ্রামের বাসিন্দা সৈয়দপুরে কর্মরত পুলিশ কনস্টেবল মজিবর রহমান বলেন, ‘কোনো ট্রেনই সময়মতো আসে না। কিন্তু ষ্টেশনে এসে আমাদের ঘণ্টার পর ঘণ্টা ট্রেনের জন্য অপেক্ষা করতে হয়।’দিনাজপুর জেলার বিরামপুরের বাসিন্দা মোসাম্মৎ কল্পনা জানান, স্টেশনের শৌচাগার ব্যবহারের অনুপযোগী। স্টেশনে আলোর ব্যবস্থা নেই। বৃষ্টি এলে ছাউনির ছিদ্র দিয়ে প্ল্যাটফর্মে পানি পড়ে। স্টেশন মাস্টার সন্তোষ কুমার সরকার জানান, প্রয়োজনীয়সংখ্যক কর্মচারী না থাকায় বিশ্রামাগার খুলে দেওয়া যায় না। স্টেশনের ছাউনির টিনে অসংখ্য ছিদ্র হয়েছে। এ কারণে বৃষ্টি হলেই প্ল্যাটফর্মে পানি পড়ে। সহকারী স্টেশন মাস্টার অহিদুর রহমান জানান, স্টেশনে ছয়টি পয়েন্টসম্যানের পদ থাকলেও আছে পাঁচজন। স্টেশনের দুই পাশের দুটি রেলগেটের মধ্যে মাত্র একটিতে গেটম্যান আছে।