আয় বাড়ানোর উদ্যোগ কম, ব্যয়ের বোঝা বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেলওয়ের আয়ের উত্স অনেক। কিন্তু আয়বর্ধক কর্মসূচি নেই বললেই চলে। ফলে লোকসানের বোঝা বাড়ছে। তাই লোকসান কমাতে যাত্রী ও মালামাল পরিবহনের ভাড়া বাড়ানোই মূল ভরসা রেলের।

স্বাধীনতার পর রেল কোনোদিনই ব্যয়ের চেয়ে বেশি আয় করতে পারেনি। বরং প্রতিবছর আয়-ব্যয়ের পার্থক্য বেড়েছে। বর্তমানে রেলের আয় দৈনন্দিন ব্যয়ের ৪০ শতাংশ। রেল পরিচালনা-সংক্রান্ত তথ্যভান্ডার বলছে, ১৯৬৯-৭০ অর্থবছরে রেল ৫ কোটি টাকা আয় করেছিল। এরপর আর রেল আয়ের মুখ দেখেনি।

২০১৫-১৬ অর্থবছরে রেলের আয় ১ হাজার ৩৪ কোটি টাকা। যাত্রী ও মালামাল পরিবহনের ভাড়া থেকেই এর বেশির ভাগ এসেছে। এর বাইরে রেলের জমি থেকে আয়, বিলবোর্ড থেকে আয়, বেসরকারি টেলিফোন কোম্পানির কাছ থেকে নেটওয়ার্ক ব্যবহারের আয়, পুরোনো মালামাল বিক্রি থেকে আয়, আইসিডি ব্যবহারের আয় রয়েছে।

দৈনন্দিন রেল পরিচালনার জন্য ২০১৫-১৬ অর্থবছরে ব্যয় হয়েছে ২ হাজার ৩৩৭ কোটি টাকা। এর বাইরে বেতন-ভাতা, কেনাকাটা, জ্বালানি খরচ, বৈদেশিক ঋণের ওপর সুদ, অবসর ভাতা ও আনুতোষিক রয়েছে। অর্থাৎ সর্বশেষ অর্থবছরে রেল পরিচালন লোকসান দিয়েছে ১ হাজার ৩০৩ কোটি টাকা। সরকার বাজেট থেকে রেলের জন্য যে বরাদ্দ দিয়েছে তার মাত্র ৪৪ শতাংশ ফিরিয়ে দিতে পেরেছে রেল কর্তৃপক্ষ।

এ বিষয়ে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী প্রথম আলোকে বলেন, সরকার জনগণের টাকা রেলকে দিয়েছে সেবা দেওয়ার জন্য। তারা সেবাও ঠিকভাবে দিতে পারছে না। আবার জনগণের টাকাও তুলতে পারছে না। জনগণের টাকা রেলের লোকজন অপব্যবহার করছে কি না, ভেবে দেখা জরুরি।

রেল প্রতিবছর পরিচালন ব্যয়ের সঙ্গে তুলনা করে লাভ-লোকসানের হিসাব করে থাকে। ওই হিসাব বিশ্লেষণ করে দেখা গেছে, ২০০৯ সালের জুলাই থেকে গত বছরের জুন পর্যন্ত রেল আয় করে ৫ হাজার ৩৭১ কোটি টাকা। এ সময় রেল ব্যয় করেছে ১১ হাজার ৬২৩ কোটি টাকা। অর্থাৎ সাত বছরে পরিচালনা করতে গিয়েই রেলওয়ে লোকসান দিয়েছে ৬ হাজার ২৫২ কোটি টাকা।

রেলের জমি বেদখলে

রেলওয়ে সূত্র জানায়, সারা দেশে রেলের জমি আছে ৬১ হাজার ৬০৬ একর। এর মধ্যে দাপ্তরিক হিসাবেই প্রায় ৩ হাজার একর জমি বেদখলে। নারায়ণগঞ্জ থেকে টঙ্গী পর্যন্ত প্রায় ৩০০ একর জমি বেদখলে। সব মিলিয়ে সরকারি হিসাবের বাইরে আরও প্রায় ৫ হাজার একর রেলের জমি নানাভাবে বেদখল হয়ে আছে। এসব জমিতে ভবন, মার্কেট, দোকানসহ নানা স্থাপনা রয়েছে। অনেক স্থানে রেলের পুকুরও রয়েছে। কর্মকর্তাদের ঘুষ দিয়ে এসব জমি দখল করে রাখা হয়েছে। এগুলো পরিকল্পিতভাবে ইজারা দিয়ে বা বাণিজ্যিক কাজে ব্যবহার করা গেলে আয় বেড়ে যেত। সারা দেশে রেলের জমির ওপর কয়েক হাজার বিলবোর্ড স্থাপন করা হয়েছে অবৈধভাবে। এগুলো থেকে রেল কোনো আয় না পেলেও অসাধু কর্মকর্তারা কমিশন পান।

রেলের একজন কর্মকর্তা বলেন, বিনা টিকিটে রেল-ভ্রমণ ঠেকাতে কার্যকর কোনো উদ্যোগ নেই। আগে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করতেন। এখন সেটা নেই। বিনা টিকিটের যাত্রী ঠেকাতে রেলের যেসব কর্মকর্তা (টিটিই) আছেন, তাঁদের কার্যক্রম বড় বড় স্টেশনকেন্দ্রিক। বেশির ভাগ ক্ষেত্রেই বিনা টিকিটের যাত্রীদের কাছ থেকে ঘুষ নিয়ে ছেড়ে দেওয়া হয়।

রেলওয়ে সূত্র জানায়, বর্তমানে রেলে প্রতিবছর গড়ে ৩৭ হাজার মেট্রিক টন ডিজেল পোড়ানো হয়। ইঞ্জিন, পাওয়ার হাউস, পানির পাম্প, ওয়ার্কসপসহ নানা স্থাপনার জন্য এসব ডিজেল ব্যবহার হয়। প্রতিবছর তেলের ব্যবহার বাড়ছে। অভিযোগ রয়েছে সৈয়দপুর, পাহাড়তলী ও কমলাপুর লোকোশেডসহ বিভিন্ন স্থাপনায় তেল চুরির চক্র গড়ে উঠেছে। রেলের কর্মকর্তাদের যোগসাজশে এসব চুরির ঘটনা ঘটছে।