নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধিত রাজনৈতিক দলের আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার সময়সীমা বাড়ানো হচ্ছে না। কমিশন নির্ধারিত সময়ের পরে জমা দেওয়া এবং সময় চেয়ে আবেদন করা ১৩টি দলকে সতর্ক করে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। গতকাল রোববার কমিশনের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। ১৩টি রাজনৈতিক দল হলো জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, বাংলাদেশের সাম্যবাদী দল, বাংলাদেশ খেলাফত আন্দোলন, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন, জাতীয় পার্টি (জেপি), বাংলাদেশ মুসলিম লীগ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ জাতীয় পার্টি, ইসলামী ঐক্যজোট ও গণফ্রন্ট। রাজনৈতিক দলের নিবন্ধন আইন অনুযায়ী প্রতিবছরের ৩১ জুলাইয়ের মধ্যে নিবন্ধিত দলকে আগের পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব স্বীকৃত নিরীক্ষাপ্রতিষ্ঠান (অডিট ফার্ম) দিয়ে নিরীক্ষা করিয়ে নির্বাচন কমিশনে জমা দিতে হবে। কোনো দল পরপর তিন বছর এই হিসাব জমা দিতে ব্যর্থ হলে কমিশন সেই দলের নিবন্ধন বাতিল করতে পারবে। কমিশন সচিবালয় সূত্র জানায়, সিপিবি নির্ধারিত সময়ে হিমাব জমা দিলেও তারা আইন অনুযায়ী স্বীকৃত নিরীক্ষাপ্রতিষ্ঠান দিয়ে হিসাব নিরীক্ষা করায়নি। যে কারণে কমিশন সিপিবির হিসাব গ্রহণ করেনি। এ ছাড়া জাসদ, ওয়ার্কার্স পার্টি ও বাংলাদেশ খেলাফত আন্দোলন ৩১ জুলাইয়ের পর হিসাব জমা দেওয়ায় তা গ্রহণ করা হয়নি। বাকি দলগুলো সময় বাড়ানোর আবেদন করেছিল। নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ বলেন, নির্ধারিত সময়ে হিসাব জমা না দিয়ে সময় বাড়ানোর আবেদন করাটা দলগুলোর অভ্যাসে দাঁড়িয়েছে। সে জন্য কমিশন সময় না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে ১৩টি দলকে চিঠি দেওয়া হবে।