আয়-ব্যয়ের হিসাব দিয়েছে ৩১টি রাজনৈতিক দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিবন্ধিত ৩৮টি রাজনৈতিক দলের মধ্যে ৩১টি গতকাল মঙ্গলবার তাদের আগের বছরের (২০১১ সাল) আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছে। গতকাল ছিল এই হিসাব জমা দেওয়ার শেষ দিন।জমা দেওয়া হিসাব সম্পর্কে রাজনৈতিক দলগুলো কোনো তথ্য জানায়নি। নির্বাচন কমিশনও অন্যান্যবারের মতো এই হিসাব প্রকাশ করবে না।নির্বাচন কমিশন জানিয়েছে, শেষ দিনে আওয়ামী লীগ, বিএনপিসহ ২০টি দল হিসাব জমা দিয়েছে। এর আগের দুই দিনে হিসাব জমা দেয় ১১টি দল। সময় বাড়ানোর আবেদন করেছে সাতটি দল।নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ গতকাল সাংবাদিকদের বলেন, কমিশন রাজনৈতিক দলের আয়-ব্যয়ের হিসাব প্রকাশ করতে বাধ্য নয়। কারণ, আইনে এই হিসাব প্রকাশ করার কথা বলা নেই। দলগুলো নিজেদের উদ্যোগে এই হিসাব প্রকাশ করলে ভালো হবে। তবে দলগুলো রাজি হলে কমিশনও প্রকাশ করতে পারে। সত্যতা যাচাইয়ে হিসাব নিরীক্ষা করা হবে কি না, জানতে চাইলে তিনি বলেন, আইনে এই হিসাব নিরীক্ষার কথা বলা নেই। কমিশনও মনে করে দলগুলো স্বচ্ছতার ভিত্তিতেই হিসাব জমা দিয়েছে। তবে কমিশন প্রয়োজন মনে করলে যাচাই করে দেখবে। আওয়ামী লীগের পক্ষে গতকাল দলের উপদপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস ও কেন্দ্রীয় কমিটির সদস্য আমিনুল ইসলাম কমিশন সচিবালয়ে হিসাব জমা দেন। পরে মৃণাল সাংবাদিকদের বলেন, কমিশন দলগুলোর আয়-ব্যয়ের হিসাব প্রকাশ করলে আওয়ামী লীগের আপত্তি থাকবে না। কারণ, এই হিসাব গোপন বিষয় নয়।বিএনপির পক্ষে হিসাব জমা দেন দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, আইন অনুযায়ী হিসাব জমা দেওয়া হয়েছে। এ বিষয়ে কমিশনের কিছু জানার থাকলে বিএনপি তার জবাব দেবে। ইচ্ছা করলে কমিশন এই হিসাব প্রকাশ করতে পারে। এ বিষয়ে দলের কোনো সিদ্ধান্ত নেই।বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) তাদের আয়-ব্যয়ের প্রাথমিক তথ্য প্রকাশ করেছে। গতকাল হিসাব দিতে এসে দলটির নেতা খালেকুজ্জামান সাংবাদিকদের জানান, বাসদের আয় প্রায় ৩৬ লাখ টাকা এবং ব্যয় ৩৫ লাখ টাকা।হিসাব জমা দিতে সময় বাড়ানোর আবেদন করেছে বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল), বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), বাংলাদেশ মুসলিম লীগ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, গণফ্রন্ট, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন ও ইসলামী ফ্রন্ট বাংলাদেশ।