আয়-ব্যয়ের হিসাব না দিতে মাদ্রাসায় আগুন?
আয়-ব্যয়ের হিসাব এলাকাবাসীর কাছে প্রকাশ না করার জন্য দিনাজপুরের বিরামপুর উপজেলার খানপুর কারামতিয়া দাখিল মাদ্রাসার সুপার শহিদুল ইসলাম গত মঙ্গলবার রাতে ওই মাদ্রাসায় আগুন দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে গতকাল বুধবার সকালে এলাকাবাসী শহিদুল ইসলামকে মাদ্রাসায় অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মনিরুজ্জামান ও পুলিশের সদস্যরা গিয়ে তাঁকে উদ্ধার করেন।
খানপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য, মো. শামসুজ্জামান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমানসহ কয়েকজন অভিভাবক অভিযোগ করেন, শহিদুল ইসলাম ও সভাপতি আবদুল মতিন গত পাঁচ বছরে ছয় থেকে আট লাখ টাকা করে নিয়ে মাদ্রাসায় একটি অফিস সহকারীসহ চারটি শিক্ষক পদে লোক নিয়োগ দিয়েছেন। এ ছাড়া মাদ্রাসার নামে মোট ১৮ বিঘা আবাদি জমি রয়েছে। অথচ এ মাদ্রাসায় কোনো উন্নয়ন হয়নি। সুপার এলাকাবাসীকে বাদ দিয়ে লুটপাট করার জন্য সাবেক সাংসদ আজিজুল হক চৌধুরীর কথিত দেহরক্ষী অন্য উপজেলার বাসিন্দা আবদুল মতিনকে মাদ্রাসার সভাপতি করেন।
এলাকাবাসী অভিযোগ করে বলেন, কয়েক মাস ধরে সুপারের কাছে মাদ্রাসার আয়-ব্যয়ের হিসাব চাওয়া হলে সুপার তা দিতে টালবাহানা শুরু করেন। সর্বশেষ গতকাল এলাকাবাসীর কাছে সুপার হিসাব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু মঙ্গলবার রাতেই মাদ্রাসার যাবতীয় দলিলপত্র পুড়িয়ে ফেলতে লোক দিয়ে তিনি মাদ্রাসায় তাঁর কক্ষে আগুন ধরিয়ে দেন। আগুন দেখে এলাকাবাসী সুপারকে খবর দেন। কিন্তু সুপার মাদ্রাসায় আসেননি এবং প্রশাসনেও কোনো খবর দেননি। পরে এলাকাবাসী অগুন নিভিয়ে ফেলেন।
এরপর গতকাল এলাকাবাসী ওই মাদ্রাসায় গিয়ে সুপারকে অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে ইউএনও ঘটনাস্থলে এলে এলাকাবাসী তাঁর কাছে সুপারের কাছ থেকে মাদ্রাসার আয়-ব্যয়ের হিসাব নেওয়ার দাবি জানান। পরে ইউএনও সুপার শহিদুল ইসলামকে পুলিশ হেফাজতে দিয়ে এলাকাবাসীকে জানান, মাদ্রাসার হিসাব না দেওয়া পর্যন্ত সুপার বিরামপুর থানায় থাকবেন। সেই সঙ্গে ইউএনও মাদ্রাসায় অগুন লাগানোর ঘটনার তদন্ত করে জড়িত ব্যক্তিদের শাস্তির আশ্বাস দেন।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম বলেন, এক সপ্তাহের মধ্যে মাদ্রাসার যাবতীয় হিসাব বুঝিয়ে দেওয়ার শর্তে মুচলেকা দিয়ে সুপার চলে গেছেন। এ ঘটনায় বিরামপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
আগুন দেওয়ার অভিযোগ অস্বীকার করে মাদ্রাসার সুপার শহিদুল ইসলাম বলেন, নিয়োগ প্রক্রিয়া নিয়ন্ত্রণ করেছেন মাদ্রাসার সভাপতি ও ব্যবস্থাপনা কমিটির সদস্যরা। এ ব্যাপারে তিনি কিছু জানেন না।
ওই মাদ্রাসার সভাপতি ও সুপারের বিরুদ্ধে ঘুষ নিয়ে কর্মচারী নিয়োগ দেওয়ার অভিযোগ ওঠার পর তা নিয়ে ২০১৩ সালের ৯ ফেব্রুয়ারি প্রথম আলোয় ‘টাকার বিনিময়ে কর্মচারী নিয়োগের অভিযোগ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর ঘটনার সত্যতা পাওয়ায় তৎকালীন ইউএনও ওই নিয়োগ বাতিল করেন।