সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার হাওরগুলোতে বোরো ধান তোলা শেষ হয়েছে। অকাল বন্যা বা কোনো প্রাকৃতিক বিপর্যয় ছিল না। তাই কৃষকেরা এবার নির্বিঘ্নে গোলায় ধান তুলতে পেরেছেন। কিন্তু ধানের নায্যমূল্য না পাওয়ায় কৃষকেরা আয়-ব্যয়ের হিসাব মেলাতে হিমশিম খাচ্ছেন। উপজেলার নলুয়া, মইয়া, পিংলা, মমিনপুর হাওরের কৃষকদের সঙ্গে আলাপ করে এমন তথ্য পাওয়া গেছে। জগন্নাথপুর উপজেলা কৃষি কার্যালয় সূত্র জানায়, এবার উপজেলার ২১ হাজার হেক্টর জমিতে বোরোর আবাদ করা হয়। উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল ৭০ হাজার মেট্রিক টন। ফলন ভালো হওয়ায় ৮১ হাজার মেট্রিক টন ধান গোলায় তুলেছেন কৃষক। কৃষক সূত্রে জানা যায়, সরকারিভাবে এখনো ধান কেনা শুরু হয়নি। আড়তদারদের কাছে কৃষকেরা ৪৫০ টাকা মণ দরে বিক্রি করছেন। আড়তদারেরা হাওর থেকে ৪০০ থেকে ৪৫০ টাকা দরে ধান ক্রয় করে মজুদ করছেন। পরে এ ধান তাঁরা বেশি দামে গুদামে বিক্রি করবেন। উপজেলার মমিনপুর হাওরের কৃষক মতিউর রহমান বলেন, ‘এবার সাত হাল জমি (৩০ শতক=১ কেদার, ১২ কেদার=১ হাল) চাষ করে ধান পেয়েছি এক হাজার মণ। কিন্তু বর্তমানে হাওরে ধান বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৪৫০ টাকা দরে। কৃষি খাতের ব্যয় বেড়েছে অনেক। তাই আয়-ব্যয়ের হিসাব মেলাতে পারছি না।’ নলুয়ার হাওরের বর্গাচাষি অনিল দেবনাথ বলেন, ‘আট কেদার জমি বর্গা এনে চাষাবাদ করেছি। ধারদেনা করে বোরো আবাদের খরচ জুগিয়েছিলাম। জমির মালিক ও পাওনাদারকে ধান দিয়ে খুব একটা লাভ হয়নি। কারণ ৪০০ টাকা দরে ধান বিক্রি করতে হচ্ছে।’ জগন্নাথপুর বাজারের ধানের আড়তদার ছালিক মিয়া জানান, শুকনো ভালো ধান ৪৫০ থেকে ৫০০ টাকা মণ দরে এবং কাঁচা ধান ৪০০ টাকা দরে ক্রয় করছেন তাঁরা। এ ব্যাপারে জগন্নাথপুর উপজেলা হাওর উন্নয়ন সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান প্রথম আলোকে বলেন, সার, বীজ ও সেচ খরচ বাড়ায় কেদারপ্রতি কৃষকের খরচ হয়েছে সাত থেকে আট হাজার টাকা। কেদারপ্রতি ধান হয়েছে ১৫ থেকে ২০ মণ। এ হিসাবে ধান চাষে কৃষকেরা লাভবান হচ্ছেন না। কৃষককে বাঁচাতে হলে ধানের মণ কমপক্ষে ৮০০ টাকা নির্ধারণ করা দরকার। জগন্নাথপুর উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল গফুর প্রথম আলোকে বলেন, সরকারিভাবে সাড়ে ১৮ টাকা কেজি দরে ধান কেনার সিদ্ধান্ত হয়েছে। তবে এখনো ধান কেনা শুরু হয়নি।