আয়-রোজগারের মাধ্যমেই দারিদ্র্য দূর করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান বলেছেন, দান-খয়রাত-ত্রাণ দিয়ে মানুষকে বাঁচিয়ে রাখা যায়, কিন্তু দারিদ্র্যমুক্ত করা যায় না। আয়-রোজগারের মাধ্যমেই দারিদ্র্য দূর করতে হবে। গতকাল শুক্রবার বরিশালের গৌরনদী উপজেলা পরিষদ মিলনায়তনে অগ্রণী ব্যাংকের কৃষিঋণ বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।ব্যাংকের সঙ্গে কৃষকদের সম্পর্কোন্নয়নের তাগিদ দিয়ে গভর্নর বলেন, ‘মধ্যস্বত্বভোগীদের সরিয়ে কৃষকদের স্বার্থ সংরক্ষণ করতে হবে।’ তিনি প্রকাশ্যে ও স্বচ্ছ প্রক্রিয়ায় কৃষকদের ঋণ প্রদানে ব্যাংকের কর্মকর্তাদের নির্দেশ দেন। গভর্নর জানান, কৃষিঋণ গত বছরের নয় হাজার কোটি থেকে বাড়িয়ে এ বছর ১২ হাজার কোটি টাকা করা হয়েছে। বর্গাচাষিদের জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।অগ্রণী ব্যাংকের মহাব্যবস্থাপক ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল-১ আসনের সাংসদ তালুকদার মো. ইউনুস। বক্তব্য দেন বরিশালের জেলা প্রশাসক মশিউর রহমান, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মীর আবদুর রহিম, অগ্রণী ব্যাংকের বরিশাল সার্কেলের উপ-মহাব্যবস্থাপক মো. তোফাজ্জেল হোসেন, গৌরনদী পৌরসভার মেয়র মো. নুরুল ইসলাম, নুর আলম হাওলাদার প্রমুখ। আলোচনা শেষে গৌরনদী উপজেলার চাঁদশী ইউনিয়নের ৬১ জন কৃষকের মধ্যে পাঁচ লাখ ৯৩ হাজার টাকা কৃষিঋণ বিতরণ করা হয়।এর আগে গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের বরিশাল কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন গভর্নর। এ সময় তিনি দেশের ব্যাংকিং ব্যবস্থাকে মানবিক ও সামাজিক করে তোলার জন্য কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।আতিউর রহমান বলেন, পদ্মা সেতু নির্মিত হলে এ অঞ্চলের উন্নয়ন ত্বরান্বিত হবে। যোগাযোগব্যবস্থা উন্নত হলে পর্যটন এলাকা কুয়াকাটার উন্নতি হবে।ওই দিন বিকেলে ঝালকাঠির স্থানীয় রামচন্দ্রপুর শাহ মাহমুদিয়া কলেজের মাঠে এক ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আতিউর রহমান।