
আয় ও শিক্ষার ব্যবস্থা, পরিচয় ও সম্পত্তির আইনগত অধিকার এবং ভালো বাসস্থানের দাবি জানিয়েছেন হিজড়ারা। হিজড়াদের তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃতির এক বছর পূর্তি উপলক্ষে হিজড়া প্রাইড-২০১৪-এর পরামর্শক সভায় ঘুরেফিরে তাঁরা বারবার এসব দাবিই জানালেন।
রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে গতকাল সোমবার সকালে এই পরামর্শক সভা হয়। গতকাল আয়োজিত বর্ষপূর্তির দিনব্যাপী কর্মসূচির সূচনা হয়েছিল এই সভা দিয়ে। যৌথভাবে এসব কর্মসূচির আয়োজন করে বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি (বিএসডব্লিউএস), সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং ইউএনএইডস।
দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শোভাযাত্রা এবং সন্ধ্যায় জাতীয় জাদুঘর মিলনায়তনে হিজড়াদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের গ্র্যান্ড ফিনালে হয়।
পরামর্শক সভায় প্রধান অতিথি ছিলেন সাংসদ তারানা হালিম। বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মিলি বিশ্বাস, ইউএনএইডসের এদেশীয় পরিচালক লিও ক্যানি এবং এইডস সোসাইটি অব এশিয়া অ্যান্ড প্যাসিফিকের নির্বাহী পরিচালক লোক প্রকাশ।
সভার শুরুতে তারানা হালিমের পরিচালনায় হিজড়াদের ওপর তৈরি প্রামাণ্যচিত্র আরও পথ বাকি প্রদর্শিত হয়। এরপর হিজড়াদের সংগঠন সুস্থ জীবনের নির্বাহী পরিচালক ববি হিজড়া বলেন, ‘আমার বাবা-ভাই আমাকে মেরেছে। অপমান সহ্য করতে না পেরে দুইবার আত্মহত্যার চেষ্টা করেছি। শুধু মায়ের কারণে পারিনি। আমি চাই হিজড়ারা রাষ্ট্রীয় সব অধিকার ও শিক্ষা থেকে যেন বঞ্চিত না হয়।’
এরপর বিভিন্ন বিভাগ থেকে আসা হিজড়াদের প্রতিনিধিরা তাঁদের দাবিগুলো উত্থাপন করেন। তারানা হালিম হিজড়াদের এসব দাবি জাতীয় সংসদে উত্থাপন করবেন বলে জানান।
সভায় সভাপতিত্ব করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ কে এম নুরুন্নবী। আয়োজকেরা জানান, এই পরামর্শক সভা থেকে প্রাপ্ত প্রস্তাবগুলো নিয়ে ‘ঢাকা ঘোষণা’ তৈরি করে তা যথাযথ কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা হবে।