আয়কর দেয় না বিপিসি ১৪৪ কোটি টাকা কেটে রাখার নোটিশ
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) হিসাব থেকে ১৪৪ কোটি টাকা কেটে রাখতে সংশ্লিষ্ট বাণিজ্যিক ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে আয়কর বিভাগ। চিঠিটি পাওয়ার পর কোনো বাণিজ্যিক ব্যাংক আর বিপিসির জ্বালানি তেল আমদানিতে অর্থের জোগান দিতে রাজি হচ্ছে না। সময়মতো আয়কর পরিশোধ না করায় ব্যাংকগুলোকে গত রোববার এ চিঠি দেওয়া হয় বলে জানা গেছে।আয়কর বিভাগ চট্টগ্রামের সার্কেল (১)-এর কমিশনার রমেন্দ্র চন্দ্র বসাক প্রথম আলোকে বলেন, ‘সরকারি প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও বিপিসি বছরের পর বছর কোনো আয়কর রিটার্ন দেয় না। এবার আমরা চূড়ান্ত নোটিশ দিয়েছি।’ তিনি আরও বলেন, ‘একজন ব্যক্তি বা প্রতিষ্ঠান এক বছর আয়কর রিটার্ন না দিলে আমরা অনেক কঠোর হই। সরকারি প্রতিষ্ঠানকে এ ক্ষেত্রে ছাড় দেওয়ার কোনো বিধান নেই।’তবে বিপিসির কর্মকর্তারা জানান, বিপিসি একটি লোকসানি প্রতিষ্ঠান। এ কারণে সংস্থার আয়কর দেওয়া প্রযোজ্য হতে পারে না। সংশ্লিষ্ট সূত্র জানায়, ‘২০০৬-০৭ অর্থবছর পর্যন্ত হিসাব করে আয়কর হিসাবে সরকারি পুঞ্জীভূত পাওনা ১৪৪ কোটি টাকা পরিশোধের জন্য অনেক আগেই বিপিসিকে নোটিশ দেওয়া হয়। ১৫ জুন এ নোটিশের ওপর শুনানি হয়। শুনানিতে বিপিসির জবাব সন্তোষজনক না হওয়ায় আয়করের টাকা সরকারি কোষাগারে জমা করতে বাণিজ্যিক ব্যাংকগুলোকে চিঠি দেওয়া হয়। পরের তিন বছরের (২০০৭-০৮, ২০০৮-০৯ ও ২০০৯-১০) আয়কর রিটার্নও বিপিসি দাখিল করেনি বলে জানা যায়।বিপিসি বছরে প্রায় ১৮-১৯ হাজার কোটি টাকার জ্বালানি তেল আমদানি করে। দেশি-বিদেশি বাণিজ্যিক ব্যাংক ও অর্থলগ্নিকারী প্রতিষ্ঠানের ঋণ থেকে এই আমদানির ব্যয় মেটানো হয় বলে জানা গেছে।