আয়কর নথির তথ্য কম্পিউটারে সংরক্ষণ কার্যক্রম শুরু
কর অঞ্চলে সংরক্ষিত আয়কর নথির তথ্য আর শুধু কাগজ-কলমে থাকবে না। সব কর অঞ্চলের আয়কর নথির তথ্য কম্পিউটারে সংরক্ষণ করা হবে। যেকোনো সময় চাইলেই জানা যাবে কোন কর অঞ্চলে কতজন আয়করদাতা রয়েছেন বা কোন করদাতা যথাসময়ে কর দেননি। এসব কথা জানিয়ে রাজধানীর বিজয়নগরে কর অঞ্চল-৮ কার্যালয়ে গতকাল বুধবার আয়কর নথির তথ্য সংরক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ। এনবিআর সদস্য ফরিদ উদ্দিন, বশির উল্লাহ, শম্ভুনাথ দাশ, আমিনুর রহমান, সৈয়দ আমিনুল করিম, যুগ্ম কর কমিশনার এস এম জাহাঙ্গীর আলম এ সময় উপস্থিত ছিলেন।এনবিআরের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ জানান, সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার অংশ হিসেবে এ কার্যক্রম শুরু করা হলো। এনবিআরের আয়কর অনুবিভাগের স্বয়ংক্রিয় কর্মসূচির আওতায় কর অঞ্চল-৮ দিয়ে যাত্রা শুরু করা হলেও পর্যায়ক্রমে সব কর অঞ্চলেই তা বাস্তবায়ন করা হবে। তবে গোটা কার্যক্রম সম্পন্ন করতে সময় লাগবে প্রায় এক বছর।নাসির উদ্দিন আহমেদ আরও বলেন, কর অঞ্চল-৮ এনবিআরের একটি বিশেষ গুরুত্বপূর্ণ ও বড় অঞ্চল। এতে ২০ হাজারের মতো আয়করদাতার নথি রয়েছে। তাই এ অঞ্চলের মাধ্যমে এনবিআরের কর অঞ্চলগুলোকে তথ্যপ্রযুক্তি তথা ডিজিটাল বাংলাদেশের পথে এগোনোর শুভসূচনা করা হলো। ঢাকায় আটটি, চট্টগ্রামে তিনটি, বরিশালে তিনটি, রাজশাহীতে একটি, খুলনায় একটি এবং সিলেটে একটি কর অঞ্চল রয়েছে। ঢাকার আটটি কর অঞ্চল ছাড়াও রয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা ইউনিট (সিআইসি) এবং বড় করদাতা ইউনিট (এলটিইউ)।এনবিআরের চেয়ারম্যান বলেন, এর মাধ্যমে রাজস্ব আহরণ বাড়বে এবং ধীরে ধীরে ই-গভর্ন্যান্সের পথে এগিয়ে যাবে বাংলাদেশ। তিনি জানান, কার্যক্রমটি সারা দেশেই শুরু হবে। তবে আগে হচ্ছে ঢাকায়। ঢাকারগুলো শেষ করার পর হাত দেওয়া হবে অন্য বিভাগীয় শহরের কর অঞ্চলে।