আয়কর ফাঁকির মামলায় অব্যাহতি পেলেন মহিউদ্দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এ বি এম মহিউদ্দিন চৌধুরী
এ বি এম মহিউদ্দিন চৌধুরী

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীকে আয়কর ফাঁকির মামলা থেকে গতকাল সোমবার অব্যাহতি দিয়েছেন বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক এস এম আতাউর রহমান। মহিউদ্দিন চৌধুরীর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন।
আদালত সূত্র জানায়, ২০০৪-০৫ অর্থবছরে ২৭ লাখ ৫৮ হাজার টাকার আয়কর ফাঁকি দেওয়ার অভিযোগে মহিউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৮ সালের ৭ জুলাই মামলা হয়। ওই মামলায় একই বছরের ১৫ জুলাই তাঁকে গ্রেপ্তার করা হয়। আওয়ামী লীগ ক্ষমতায় এলে মামলাটি রাজনৈতিক হয়রানিমূলক বিবেচনায় প্রত্যাহারের আবেদন জানান মহিউদ্দিন চৌধুরী। ২০০৯ সালে সরকার তাঁর আবেদন মঞ্জুর করে। কিন্তু ২০০৮ সালে হাইকোর্ট মামলাটির কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা জারি করেন, যে কারণে বিচারিক আদালত মামলাটি থেকে তাঁকে অব্যাহতি দিতে পারেননি। উচ্চ আদালতে গত ২০ মার্চ নিষেধাজ্ঞা প্রত্যাহার হলে মহিউদ্দিন চৌধুরী বিচারিক আদালতে মামলাটি প্রত্যাহারের আবেদন করেন।
দুদকের কৌঁসুলি মাহমুদুল হক জানান, রাজনৈতিক বিবেচনায় সরকার মহিউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে আয়কর ফাঁকির মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়। সরকারের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আদালত তাঁকে অব্যাহতি দেন।