আয়কর ফাঁকির মামলায় ইটিভির চেয়ারম্যান জামিন পেলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আয়কর ফাঁকির মামলায় একুশে টেলিভিশনের চেয়ারম্যান আবদুস সালাম জামিন পেয়েছেন। গতকাল মঙ্গলবার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ জহুরুল হক জামিন আবেদন মঞ্জুর করেন।আবদুস সালাম আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত একজন আইনজীবীর জিম্মায় তাঁর জামিন মঞ্জুর করেন।আয়কর ফাঁকির অভিযোগে গত ১২ আগস্ট জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এই মামলা করে। মামলায় অভিযোগ করা হয়, আবদুস সালাম ২০০৬-০৭ অর্থবছর থেকে পরবর্তী চার অর্থবছরে ১৭ কোটি ৬৪ লাখ ৮২ হাজার ১৫৭ টাকা আয় গোপন করে তাঁর ওপর প্রযোজ্য নয় কোটি ১৭ লাখ ৩৪ হাজার ৮২৩ টাকা আয়কর ফাঁকি দিয়েছেন। আদালত আসামিকে হাজির হওয়ার জন্য সমন জারি করেন। এর আগে আয়কর বিবরণী দাখিল না করায় ইটিভির চেয়ারম্যান আবদুস সালাম ও ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল আলমের বিরুদ্ধে আরেকটি মামলা করা হয়। সালামের আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ওই মামলার কার্যক্রম স্থগিত করেন।