আয়কর ফাঁকির মামলায় বাবরের বিরুদ্ধে অভিযোগ গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আয়কর ফাঁকির মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুত্ফরজ্জামান বাবরের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। আজ বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক রেজাউল ইসলাম অভিযোগ গঠন করেন।

আয়কর অধ্যাদেশ ১৬৪ ও ১৬৫ ধারায় অভিযোগ গঠন করা হয়। আগামী ২১ সেপ্টেম্বর এ ব্যাপারে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে।

১৯৯৯ থেকে ২০০৯ সাল পর্যন্ত বিভিন্ন কর বর্ষে সাত কোটি ১৫ লাখ টাকা কর ফাঁকি দেওয়ার অভিযোগে ২০১০ সালে বাবরের বিরুদ্ধে আয়কর ফাঁকির মামলা করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

আদালতে মামলা থেকে বাবরের অব্যাহতি চেয়ে আবেদন করেন তাঁর আইনজীবী টি এম আকবর। কিন্তু আদালত তা নাকচ করে অভিযোগ গঠন করেন। এ সময় বাবর নিজেকে নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রত্যাশা করেন।

এনবিআরের পক্ষে মামলা পরিচালনা করেন মো. কবির হোসেন।