আয়কর ফাঁকির মামলায় সাঈদীকে গ্রেপ্তার দেখানো হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে আয়কর ফাঁকির মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আদালত ২৮ সেপ্টেম্বর এই মামলায় অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য দিন নির্ধারণ করেছেন।ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইসমাইল হোসেন গতকাল বৃহস্পতিবার এই তারিখ নির্ধারণ করেন। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে সাঈদীকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এ ছাড়া একই আদালত পৃথক মামলায় একই দলের নেতা মীর কাসেম আলীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারিসংক্রান্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।গত ১৯ আগস্ট জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পক্ষ থেকে সাঈদী ও মীর কাসেমের বিরুদ্ধে আয়কর ফাঁকির অভিযোগে মামলা করা হয়। আদালত মামলা গ্রহণ করে দুজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। গতকাল গ্রেপ্তারি পরোয়ানা জারিসংক্রান্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল।উল্লেখ্য, ওই মামলায় অভিযোগ করা হয়, সাঈদী আয়কর বিবরণীতে মিথ্যা তথ্য দিয়েছেন। তিনি ২০০৫ থেকে ২০১০ সাল পর্যন্ত আয়কর বিবরণীতে দুই কোটি ২৭ লাখ ৪০ হাজার টাকার তথ্য গোপন করেছেন। একই সঙ্গে এর ওপর প্রযোজ্য ৫৬ লাখ ৪৬ হাজার ৮১০ টাকার কর ফাঁকি দিয়েছেন তিনি। মামলায় আয়কর অধ্যাদেশের ১৬৫ ও ১৬৬ ধারায় তিনি অপরাধ করেছেন। এনবিআরের উপকর কমিশনার মাসুমা খাতুন তাঁর নামে মামলা করেন।মীর কাসেম আলীর বিরুদ্ধে এনবিআরের আরেক উপকর কমিশনার মনিরুজ্জামান মামলা করেন। এই মামলার অভিযোগে বলা হয়, কেয়ারি লিমিটেডের চেয়ারম্যান মীর কাসেম আলী ২০০৫-০৬ করবছরে ৩৪ লাখ ৮৫ হাজার ৮৬৬ টাকার তথ্য গোপন করেছেন। এ ছাড়া এর ওপর প্রযোজ্য ১১ লাখ ২৮ হাজার ২৩৫ টাকার কর ফাঁকি দেন তিনি।