আয়কর বিবরণী জমার সময় আবার বাড়ল
ব্যক্তি শ্রেণীর বার্ষিক আয়কর বিবরণী বা রিটার্ন জমার সময় আরও এক মাস বাড়ল। আগামী ১ ডিসেম্বর পর্যন্ত রিটার্ন জমা দেওয়া যাবে।
আজ বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেয়। প্রসঙ্গত, প্রথম দফায় এক মাস সময় বাড়ানোর পর আজই বার্ষিক আয়কর বিবরণী জমা দেওয়ার সময়সীমা শেষ হয়েছে। কিন্তু আশানুরূপ সাড়া না পাওয়ায় প্রতিবারের মতো আবারও সময় বাড়ানো হলো।
সময় বাড়ানোর কারণ হিসেবে সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর বলেছে, পবিত্র হজ পালন, ঈদুল আজহা ও দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিভিন্ন অফিস ও প্রতিষ্ঠান বন্ধ ছিল। তাই রিটার্ন দাখিলের জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহে বিঘ্ন ঘটেছে উল্লেখ করে বিভিন্ন পেশাজীবী ও বাণিজ্য সংগঠন সময়সীমা বাড়ানোর অনুরোধ করেছে। এ ছাড়া ইন্টারনেটে টিআইএন নিবন্ধন ও পুনর্নিবন্ধন নতুন পদ্ধতি হওয়ায় করদাতাদের স্বাচ্ছন্দ্যবোধ করতে আরও কিছুটা সময় দেওয়া প্রয়োজন।
প্রতিবছরই ৩০ সেপ্টেম্বর রিটার্ন জমার নিয়মিত সময়সীমা শেষ হয়। কিন্তু দেখা যায়, এই সময়ে রিটার্ন খুব বেশি জমা পড়ে না। তাই প্রতিবছর সময় একাধিক দফায় বাড়াতে বাধ্য হয় এনবিআর।
চলতি বছরে এই পর্যন্ত প্রায় ছয় লাখ টিআইএনধারী তাঁদের আয়কর বিবরণী জমা দিয়েছেন। গত করবর্ষে এর পরিমাণ ছিল সাড়ে ১২ লাখ। বর্তমানে ১৭ লাখ সক্রিয় টিআইএনধারী রয়েছেন। চলতি বছরে এনবিআর ১৭ লাখের বেশি অকার্যকর টিআইএন বাতিল করেছে। আয়কর অধ্যাদেশ অনুযায়ী, টিআইএন থাকলেই রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক। সময়মতো আয়কর রিটার্ন জমা না দিলে জরিমানা করার বিধান রয়েছে।