আয়কর বিবরণী জমার সময় বাড়ল দুই মাস
ব্যক্তিশ্রেণির করদাতাদের বার্ষিক আয়কর বিবরণী বা রিটার্ন জমা দেওয়ার সময় দুই মাস বাড়ল। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত বিবরণী জমা দেওয়া যাবে।
গতকাল বুধবার এ ঘোষণা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গতকাল আয়কর বিবরণী জমা দেওয়ার সময় শেষ হওয়ার কথা ছিল।
এনবিআরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হজ পালন এবং ঈদুল আজহা উদ্যাপনসহ নানা কারণে বিভিন্ন কার্যালয় বন্ধ থাকায় রিটার্ন প্রস্তুতের জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহে আরও সময় প্রয়োজন—এ কথা উল্লেখ করে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইসহ বিভিন্ন পেশাজীবী ও বাণিজ্য সংগঠন সময় বৃদ্ধির অনুরোধ করেছে। এ কারণে আয়কর বিবরণী জমার সময় বাড়ানো হয়েছে।
এনবিআর সূত্রে জানা গেছে, রাজধানীসহ সব বিভাগীয় শহর, জেলা শহর ও উপজেলায় অনুষ্ঠিত কর মেলায় এবার ১ লাখ ৬১ হাজার ৬০ জন করদাতা তাঁদের বার্ষিক আয়কর বিবরণী জমা দিয়েছেন। এতে এনবিআরের রাজস্ব প্রাপ্তি হয়েছে ২ হাজার ৩৫ কোটি ৩২ লাখ টাকা। তবে এ বছর এখন পর্যন্ত সার্কেল কার্যালয়ে কী পরিমাণ রিটার্ন জমা পড়েছে, সেই হিসাব চূড়ান্ত করেনি এনবিআর।