আয়কর বিবরণী না দিয়েই প্রার্থী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আয়করের যোগ্য হলেও রাজশাহীর ১১টি পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থীদের বেশির ভাগই আয়কর বিবরণী ও আয়কর পরিশোধের প্রমাণপত্র জমা দেননি। ৫৯ জন প্রার্থীর মধ্যে মাত্র দুজন বিধিসম্মতভাবে মনোনয়নপত্রের সঙ্গে আয়কর-সংক্রান্ত তথ্য জমা দিয়েছেন। মনোনয়ন ফরমের নির্দেশিকা অনুযায়ী ‘ঙ’ অনুচ্ছেদের ৭ ও ৮ নম্বর ক্রমিকে আয়কর রিটার্নের কপি ও আইটি-১০বি (সম্পদের বিবরণী ও আয়কর পরিশোধের প্রমাণপত্র) প্রার্থীকে জমা দিতে হবে।নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে পাওয়া তথ্যমতে, বর্তমানে করযোগ্য আয় হচ্ছে এক লাখ ৬৫ হাজার টাকা। রাজশাহীতে এবার মোট ১১টি পৌরসভায় ৫৯ জন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁদের মধ্যে মাত্র ২০ জনের আয় করযোগ্য। এর মধ্যে দুর্গাপুর পৌরসভার মেয়র প্রার্থী এস এম আকবর আলী ও সাইদুর রহমান আয়কর-সংক্রান্ত তথ্য দিয়েছেন। কাঁটাখালী পৌরসভার জামায়াতসমর্থিত প্রার্থী মাজেদুর রহমান আয়কর বিবরণী জমা না দিয়ে প্রমাণপত্র দিয়েছেন। চারঘাট পৌরসভার প্রার্থী ইউনুস আলী তালুকদার কর দেওয়ার একটি রসিদ জমা দিয়েছেন। একই পৌরসভার আখতারুজ্জামান শুধু প্রমাণপত্র জমা দিয়েছেন। আলোচিত প্রার্থী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও মুণ্ডমালা পৌরসভার বর্তমান মেয়র শিশ মোহাম্মদ আয়কর পরিশোধের প্রমাণপত্র জমা দিয়েছেন। গোদাগাড়ী পৌরসভার বিএনপিসমর্থিত প্রার্থী ও বর্তমান মেয়র আনোয়ারুল ইসলাম কর পরিশোধের প্রমাণপত্র দিয়েছেন।কাঁটাখালী পৌরসভার বিএনপিসমর্থিত প্রার্থী সিরাজুল হক তাঁর হলফনামায় আয়ের পরিমাণ দিয়েছেন দুই লাখ ২১ হাজার। তিনি আয়কর-সংক্রান্ত কোনো তথ্য দেননি। জানতে চাইলে তিনি বলেন, তিনি শিক্ষকতার যে চাকরি করেন, তাতে তাঁর আয় করমুক্ত। এই জন্য তিনি তথ্য দেননি। একই পৌরসভার প্রার্থী আব্বাস আলী চার লাখ টাকা আয় উল্লেখ করলেও আয়কর বিবরণী বা আয়কর পরিশোধের প্রমাণপত্র জমা দেননি। এ ব্যাপারে তিনি বলেন, আইনজীবীকে দিয়ে যাচাই করে কাগজপত্র জমা দিয়েছেন। এখন আয়কর-সংক্রান্ত তথ্য বাদ পড়েছে কি না, বিষয়টি এই মুহূর্তে বলতে পারছেন না।চারঘাট পৌরসভার আওয়ামী লীগসমর্থিত প্রার্থী আনোয়ার হোসেন তাঁর হলফনামায় আয়ের পরিমাণ এক লাখ ৭০ হাজার টাকা উল্লেখ করলেও আয়কর-সংক্রান্ত কোনো তথ্য দেননি। জানতে চাইলে তিনি বলেন, ওইভাবে তো হিসাব করে দেখা হয়নি। তাহেরপুর পৌরসভায় জামায়াতসমর্থিত প্রার্থী সহিদুজ্জামান মীর বাৎসরিক আয় দুই লাখ ৯৯ হাজার টাকা দেখালেও আয়কর-সংক্রান্ত তথ্য জমা দেননি। তবে তিনি দাবি করেন, প্রমাণপত্র জমা দিয়েছেন। গোদাগাড়ীর মেয়র প্রার্থী সালাহ উদ্দিন বিশ্বাসও আয়কর বিবরণী বা কর পরিশোধের প্রমাণপত্র জমা দেননি। তবে তিনি দাবি করেন, তিনি দুই হাজার টাকা আয়কর দিয়েছেন এবং যথারীতি তাঁর প্রমাণপত্র জমা দিয়েছেন। হয়তো তাড়াহুড়া করতে গিয়ে ওয়েবসাইটে তথ্যটি দেওয়া হয়নি। এ ব্যাপারে জেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ মুসা বলেন, অনেক মনোনয়নপত্র এখনো যাচাই করা সম্ভব হয়নি। কেউ কোনো অভিযোগও দেয়নি। যদি কোনো প্রার্থী হলফনামায় কোনো তথ্য গোপন করেন, তারপর তিনি যদি নির্বাচিতও হন এবং তাঁর বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ প্রমাণিত হয়, তাহলে তাঁর প্রার্থিতা বাতিল হয়ে যাবে বলে জানান তিনি।