উচ্চ আদালতে জাতীয় রাজস্ব বোর্ডের আয়কর, শুল্ক ও মূসক অনুবিভাগের বিচারাধীন মামলার সংখ্যা ২১ হাজার ৩৯৭টি। আজ বৃহস্পতিবার সংসদে নজরুল ইসলামের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, মামলাগুলো মধ্যে আয়করসংক্রান্ত ৪ হাজার ৫৫টি, মূসকসংক্রান্ত ৩ হাজার ৪৩২টি এবং শুল্কসংক্রান্ত ১৩ হাজার ৯১০টি বিচারাধীন। তবে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এসব মামলা দ্রুত নিষ্পত্তির পদক্ষেপ গ্রহণ করেছে।
এ কে এম রহমতুল্লাহর প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, বর্তমান সরকার বিচারকাজ ত্বরান্বিত করতে জেলা পর্যায়ে আদালতের সংখ্যা বাড়ানোর পদক্ষেপ গ্রহণ করেছে। আইন ও বিচার বিভাগ নারী ও শিশু নির্যাতন দমনসংক্রান্ত মমলাগুলো দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে ৪১টি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল (সহায়ক কর্মচারীসহ) গঠনের বিষয়ে জনপ্রশাসন ও অর্থ মন্ত্রণালয়ের সম্মতি পাওয়া গেছে। প্রস্তাবটি অনুমোদনের জন্য এখন প্রধানমন্ত্রীর কার্যালয়ে আছে। মন্ত্রী আরও বলেন, এ ছাড়া ৭টি বিভাগে ৭টি সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনাল, ৭টি সাইবার ট্রাইব্যুনাল, ১১২টি অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত, ২১৪টি সহকারী জজ আদালত, ৩৪৬টি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সহায়ক পদ এবং ১৯টি পরিবেশ আদালত ও ৬টি পরিবেশ আপিল আদালত গঠনের কাজ প্রক্রিয়াধীন রয়েছে। এসব আদালত গঠন হলে মামলা আরও দ্রুত নিষ্পত্তি করা সম্ভব হবে।
নাসির জাহানের প্রশ্নের জবাবে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হক বলেন, চলতি অর্থবছরে মৎস্য অধিদপ্তরে আওতায় ২১টি প্রকল্প চলমান আছে। এসব প্রকল্পের জন্য ৩৫৩ কোটি ৭৬ লাখ টাকা বরাদ্দ রয়েছে।
প্রশ্নোত্তরের আগে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকেল পৌনে পাঁচটায় সংসদের অধিবেশন শুরু হয়। প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।