আয়তন বাড়ছে মহানগরের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট সিটি করপোরেশন এলাকার আয়তন বাড়ছে। এ-সম্পর্কিত একটি প্রস্তাবও স্থানীয় সরকার ও পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, অনুমোদন পেলে বর্ধিত এলাকার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড নগর মহাপরিকল্পনার (সিটি মাস্টারপ্ল্যান) আলোকে করা হবে।
করপোরেশনের সংশ্লিষ্ট দপ্তর জানায়, ২০০২ সালে সিলেট পৌরসভা যে আয়তন নিয়ে সিটি করপোরেশনে উন্নীত হয়, বর্তমানেও সেই একই আয়তন ২৬ দশমিক ৫০ বর্গকিলোমিটার এলাকাজুড়ে রয়েছে। নগর-সংলগ্ন বাইরের অংশে বিভিন্ন আবাসিক এলাকার জনসাধারণ করপোরেশনের সুযোগ-সুবিধা ভোগ করলেও নগর কর্তৃপক্ষ সেখান থেকে কোনো রাজস্ব আদায় করতে পারে না।
ওই দপ্তর জানায়, সিটি করপোরেশনের রাজস্ব আয় বৃদ্ধিসহ সিলেটকে একটি আদর্শ নগর হিসেবে প্রতিষ্ঠা করতে আয়তন বৃদ্ধির সুপারিশপত্র সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। পূর্বদিকে শাহপরান এলাকার বাইপাস পর্যন্ত, পশ্চিমে টুকেরবাজার থেকে গোপাল, উত্তরে সালুটিকর ও দক্ষিণে হেতিমগঞ্জ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।
সিটি করপোরেশনের এ প্রস্তাবকে নগরসংলগ্ন এলাকার একাধিক বাসিন্দারা স্বাগত জানিয়েছেন। তবে তাঁরা এও জানিয়েছেন, কেবল কাগজে-কলমে নগর বড় করলেই হবে না। নতুন এলাকায় ভবিষ্যতের স্থাপনাগুলো পরিকল্পিতভাবে নির্মাণ করার ব্যবস্থা নিতে হবে। বিপণিবিতান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় নিজস্ব পার্কিং ব্যবস্থা, প্রশস্ত রাস্তাঘাট নির্মাণ, সুপেয় পানি সরবরাহের বিষয়টি সবার আগে নিশ্চিত করতে হবে।
নাগরিক মৈত্রী সিলেটের আহ্বায়ক আইনজীবী সমরবিজয় সী শেখর বলেন, নগর বড় হলে টাউন বাস চালু করা যেতে পারে। পৃথক সিএনজিস্ট্যান্ড ও রিকশাস্ট্যান্ড স্থাপন এবং পরিকল্পিতভাবে আবাসিক ও বাণিজ্যিক এলাকায় বাসাবাড়ি নির্মাণসহ নগরবাসীর স্বার্থের বিষয়গুলো চিহ্নিত করে অগ্রসর হতে হবে।
শহরতলির বাহুবল এলাকার বাসিন্দা পল্লিচিকিৎসক প্রদীপ দেবনাথ বলেন, ‘আমাদের এলাকা নগর বর্ধিতকরণের আওতায় পড়লে ভালোই হবে। তবে যেহেতু হুট করে করের একটা চাপ আমাদের ওপর পড়বে, তাই নাগরিক সুবিধার বিষয়টি শুরু থেকেই নিশ্চিত করতে হবে।’
প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব বলেন, সিটি করপোরেশন এলাকা বর্ধিত করার ব্যাপারে একটি প্রস্তাব সম্প্রতি স্থানীয় সরকার বিভাগে পাঠানো হয়েছে। ১৬ আগস্ট অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীর উপস্থিতিতে নগর উন্নয়ন পরিকল্পনাবিষয়ক একটি সভা হয়েছে। নগরের আয়তন বর্ধিত হলে কীভাবে বর্ধিত অংশে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করতে হবে—সে সম্পর্কে ওই দিন জামিলুর রেজা চৌধুরী নগর কর্তৃপক্ষকে ধারণা দিয়েছেন। তাঁর মতামত অনুযায়ী বর্ধিত অংশে পরিকল্পনামাফিক উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত হবে।