অন্যের মুখ সাজাতেন তিনি। সাজতে ভালোবাসতেন নিজেও। কিন্তু স্বামীর নির্মমতায় ঝলসে গেছে তাঁর মুখের একাংশ। এখন আয়নায় নিজের মুখের দিকে তাকাতেও ভয় পাচ্ছেন তিনি। শারীরিক যন্ত্রণার সঙ্গে ঝলসানো মুখ আর ভবিষ্যৎ চিন্তায় এখন শুধুই কাঁদছেন সাদিয়া।
অর্থনৈতিকভাবে স্বাবলম্বী সাদিয়ার টাকায় সংসার চলত। স্বামী আনোয়ার হোসেন বেকার; তার ওপর আবার মাদকাসক্ত। মাদক সেবনের টাকা না দেওয়ায় গত বৃহস্পতিবার বিকেলে নগরের বহদ্দারহাট উড়ালসড়কের নিচে সাদিয়াকে অ্যাসিড ছুড়ে মারেন তাঁর স্বামী। ওই সময় চান্দগাঁও অলিউল্লাহ আবাসিক এলাকার ভাড়া বাসা থেকে রিকশায় করে সাদিয়া তাঁর কর্মস্থল বহদ্দারহাটের পারলারে যাচ্ছিলেন। স্বামী এক সহযোগীসহ অ্যাসিড ছুড়ে পালিয়ে যাওয়ার পর স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। অ্যাসিডে তাঁর মুখের ডান পাশ, চোখের নিচে, বুক ও বাঁ হাত পুড়ে যায়।
গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে গিয়ে দেখা যায়, বিছানায় শোয়া সাদিয়ার কথা বলার শক্তিটুকুও নেই। যন্ত্রণায় চোখ বন্ধ করে এপাশ-ওপাশ করছেন।
সাদিয়ার পাশে বসা ছিলেন তাঁর মা সেলিনা বেগম। তিনি প্রথম আলোকে বলেন, মেয়ে শুধু কাঁদছেন। এ কান্না কবে শেষ হবে, তিনি জানেন না। অ্যাসিডে দগ্ধ মেয়ের চেহারা দেখে তিনি নিজেও কাঁদছেন। আর কারও যাতে তাঁর মেয়ের পরিণতি না হয়, সে জন্য আনোয়ারের ফাঁসি চান তিনি।
মায়ের সঙ্গে কথা বলার একপর্যায়ে চোখ খুলে তাকালেন সাদিয়া। কান্না চেপে ক্ষীণ কণ্ঠে বললেন, ‘আমার সব শেষ। এই মুখ নিয়ে কী করব। আয়নায় নিজের মুখের দিকে তাকাতেও ভয় লাগছে।’ এ কথা বলেই আবারও অঝোরে কাঁদতে থাকেন।
বৃহস্পতিবারই খাগড়াছড়ির মাটিরাঙ্গা এলাকা থেকে ছুটে আসেন সাদিয়ার মা-বাবা। সাদিয়ার বাবা মোসাবউল ইসলাম বলেন, তাঁর মেয়ের ডান চোখের পাতা অ্যাসিডে পুড়েছে। চোখ কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে, তা এখনো কোনো চক্ষু বিশেষজ্ঞ পরীক্ষা করে দেখেননি। চক্ষু বিশেষজ্ঞকে আনার চেষ্টা চলছে বলে তাঁকে ওয়ার্ডের দায়িত্বরত চিকিৎসকেরা জানিয়েছেন।
অ্যাসিড ছুড়ে মারার ঘটনায় গতকাল সন্ধ্যায় নগরের চান্দগাঁও থানায় মামলা করেছেন সাদিয়া। মামলায় আনোয়ার ও তাঁর এক সহযোগীকে আসামি করা হয়।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বলেন, আসামি আনোয়ারকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তাঁকে ধরা গেলে জানা যাবে অ্যাসিডগুলো কোন জায়গা থেকে কিনেছেন।