প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে দুর্নীতি নিয়ে কথা বলার আগে বিরোধীদলীয় নেতাকে আয়নায় নিজের চেহারা দেখার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, বিএনপির নেতা নিজে কালোটাকা সাদা করেছেন। এখন বাজেট প্রস্তাবে কালোটাকা সাদা করার বিরুদ্ধে কথা বলেন।গতকাল মঙ্গলবার বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নবনির্বাচিত কর্মকর্তারা প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে দেখা করতে গেলে তিনি এসব কথা বলেন।বাসস জানায়, প্রধানমন্ত্রী আগামী অর্থবছরের বিশাল বাজেট বাস্তবায়নে প্রকৌশলীদের সহযোগিতার আহ্বান জানান। শেখ হাসিনা বলেন, তাঁর সরকার কোনো ব্যক্তিবিশেষের উন্নয়নে বিশ্বাস করে না, সমাজের সবার উন্নয়নে বিশ্বাস করে। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ বৈঠক শেষে সাংবাদিকদের জানান, শেখ হাসিনা জনগণের সামনে বিভিন্ন ক্ষেত্রে বর্তমান সরকারের সাফল্য তুলে ধরতে প্রকৌশলীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, মাঠপর্যায়ে প্রকল্প বাস্তবায়নে প্রকৌশলীরা সম্পৃক্ত থাকেন। ফলে দেশের কাঙ্ক্ষিত অগ্রগতি সাধনে প্রকৌশলীদের সহযোগিতা অবশ্যই প্রয়োজন। শেখ হাসিনা বলেন, দেশে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, খাদ্যনিরাপত্তা, সামাজিক নিরাপত্তা ও নারীর ক্ষমতায়নে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে। ফলে এসব সাফল্য জনগণের সামনে তুলে ধরা প্রকৌশলীদেরও দায়িত্ব রয়েছে।প্রধানমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত জোট সরকারের ক্যাডাররা আওয়ামী লীগের ২২ হাজার নেতা-কর্মীকে হত্যা করে। অথচ বর্তমান সরকার ক্ষমতায় এসে এর কোনো প্রতিশোধ নেয়নি। বরং দেশের উন্নয়নে সর্বশক্তি নিয়োগ করেছে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. ওয়াহিদ-উজ-জামান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহেদুজ্জামান, প্রেস সচিব আবুল কালাম আজাদ, বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সভাপতি প্রকৌশলী নূরুল হুদা ও সাধারণ সম্পাদক প্রকৌশলী আবদুস সবুর উপস্থিত ছিলেন।