আয়বহির্ভূত সম্পদ রাখার অভিযোগে চট্টগ্রামে শিপিং মাস্টারের বিরুদ্ধে মামলা
আয়বহির্ভূত সম্পদ রাখার অভিযোগে চট্টগ্রামের শিপিং মাস্টার শেখ আলী আম্বিয়ার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম জেলা দুদকের সহকারী পরিচালক মো. শফিউল আলম বাদী হয়ে ডবলমুরিং থানায় মামলা করেন।এজাহারে বলা হয়, ২০১০ সালের ৬ অক্টোবর আলী আম্বিয়া দুদকে সম্পদের হিসাব জমা দেন। এতে তিনি স্থাবর সম্পদের পরিমাণ ৩৪ লাখ ৮২ হাজার এবং অস্থাবর সম্পদের পরিমাণ ৫৩ লাখ ৬৫ হাজার টাকা অর্থাৎ মোট সম্পদ ৮৮ লাখ ৪৮ হাজার টাকা বলে উল্লেখ করেন।দুদকের অনুসন্ধানে দেখা গেছে, আলী আম্বিয়ার নিট আয় ৩১ লাখ ৯০ হাজার টাকা। এর সঙ্গে তাঁর ১০ লাখ টাকার ঋণ আছে। ফলে তাঁর স্থাবর-অস্থাবর সম্পদের পরিমাণ হওয়ার কথা ৪১ লাখ ৯০ হাজার টাকা। কিন্তু তিনি দুদকে দেখিয়েছেন ৮৮ লাখ ৪৮ হাজার টাকা।বাস্তবে যাচাই-বাছাই করে মোট সম্পদ পাওয়া গেছে এক কোটি ২৮ লাখ ৯৪ হাজার টাকা। সব মিলিয়ে তাঁর আয়বহির্ভূত সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৮৭ লাখ তিন হাজার টাকা।এজাহারে আরও বলা হয়, আলী আম্বিয়া ৪০ লাখ ৪৬ হাজার টাকার স্থাবর-অস্থাবর সম্পদের তথ্য গোপন করেছেন। সেই সঙ্গে দুদকের অনুসন্ধানে তাঁর দেওয়া তথ্যের সঙ্গে সম্পদের গরমিলও ধরা পড়ে।দুদক সূত্রে জানা গেছে, ২০০৪ সালের দুদক আইন অনুযায়ী জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে আলী আম্বিয়ার বিরুদ্ধে মামলা করা হয়েছে।নাম প্রকাশে অনিচ্ছুক দুদকের একজন কর্মকর্তা জানান, আলী আম্বিয়ার ঢাকা ও চট্টগ্রামে চারটি ফ্ল্যাট আছে। তাঁর স্ত্রীর নামে প্রাথমিকভাবে আট কোটি টাকার সম্পদের হিসাব পেয়েছেন দুদকের কর্মকর্তারা। এসব সম্পদের হিসাব অনুসন্ধানের প্রক্রিয়াও শুরু হয়েছে।