বার্ষিক কোনো আয় নেই, তবে সম্পদ আছে। আয়বিহীন এমন প্রার্থী যেমন আছেন, তেমনি বার্ষিক আয় জেলার অন্য সব প্রার্থীর চেয়ে বেশি—এমন প্রার্থীও আছেন। এমন প্রার্থী আছেন সিলেটের বালাগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচনে।
নির্বাচন কমিশনের দ্বিতীয় দফায় ঘোষিত তফসিল অনুযায়ী ২৭ ফেব্রুয়ারি বালাগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন হবে। এতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতের তিনজন প্রার্থী হয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে সাতজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুজন লড়ছেন।
তাঁদের মধ্যে সবচেয়ে বেশি বার্ষিক আয় ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী আওয়ামী লীগ-সমর্থিত অরুণোদয় পালের। ব্যবসায়ী অরুণোদয়ের আয় ৯৮ লাখ ৮৪ হাজার ৮২৩ টাকা। স্থাবর-অস্থাবর সম্পদ ৯৩ লাখ ৫৯ হাজার ৫৫০ টাকার। তিনি উচ্চমাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছেন। জরুরি ক্ষমতা আইনে একটি মামলা থাকলেও অব্যাহতি পেয়েছেন।
চেয়ারম্যান পদপ্রার্থীদের মধ্যে সম্পদশালী জামায়াত-সমর্থিত মো. সাজিদুল ইসলাম। রেস্তোরাঁ ব্যবসায়ী সাজিদুলের বার্ষিক আয় আড়াই লাখ টাকা। তাঁর ৩১ লাখ ৭৭ হাজার ৮৭৬ টাকার সম্পদের পাশাপাশি কিছু অকৃষি জমি ও দালান রয়েছে। তবে ১৮ লাখ টাকার ব্যাংকঋণ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা বিএ পাস। একটি মামলা থাকলেও অব্যাহতি পেয়েছেন।
বিএনপি-সমর্থিত মো. আবদাল মিয়া ক্ষুদ্র ব্যবসায়ী। বার্ষিক আয় আড়াই লাখ টাকা। তাঁর ১০ লাখ ১৫ হাজার টাকার সম্পদের পাশাপাশি যৌথ মালিকানায় কিছু কৃষি ও অকৃষি জমি রয়েছে। শিক্ষাগত যোগ্যতা লিখেছেন ‘স্বশিক্ষিত’। তাঁর বিরুদ্ধে দুটি মামলা। একটি বিচারাধীন, অপরটি হাইকোর্টের আদেশে স্থগিত রয়েছে।
আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মো. মোস্তাবুর রহমান বর্তমান উপজেলা চেয়ারম্যানও। পেশায় গৃহস্থ মোস্তাবুরের আয় ৭০ হাজার টাকা। পাঁচ লাখ দুই হাজার ৮৬১ টাকার সম্পদ ও যৌথ মালিকানায় কিছু স্থাবর সম্পদ রয়েছে। পড়াশোনা করেছেন দশম শ্রেণী পর্যন্ত।
ভাইস চেয়ারম্যান প্রার্থীদের আয়-সম্পদ: জমিয়তে উলামায়ে ইসলাম-সমর্থিত মো. মোক্তার হোসাইনের শিক্ষাগত যোগ্যতা তাককিল ফিল হাদিস। ব্যবসায়ী মোক্তার যৌথভাবে বছরে পাঁচ লাখ ৭০ হাজার টাকা আয় করেন। তাঁর নয় লাখ ৮৬ হাজার ৬৬৭ টাকার সম্পদ এবং ৩০ পাউন্ড মুদ্রা ও সাড়ে তিন ভরি সোনা রয়েছে।
বিএনপি-সমর্থিত এস টি এম ফখর উদ্দিনের শিক্ষাগত যোগ্যতা এমএসএস। তাঁর বিরুদ্ধে একটি মামলা বিচারাধীন। পেশায় কৃষিজীবী ফখরের আয় এক লাখ ৮০ হাজার টাকা। তাঁর নয় লাখ ৬২ হাজার টাকার সম্পদের পাশাপাশি যৌথ মালিকানায় কিছু কৃষি ও অকৃষি জমি রয়েছে।
খেলাফত মজলিস-সমর্থিত সৈয়দ আলী আছগরের শিক্ষাগত যোগ্যতা তাকমিল ফিল হাদিস। পেশায় মাদ্রাসাশিক্ষক আছগরের আয় এক লাখ ৭৩ হাজার টাকা। তাঁর ১১ লাখ ৮৩ হাজার টাকার সম্পদ রয়েছে।
স্বতন্ত্র প্রার্থী মো. শামছুল ইসলাম উচ্চমাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছেন। পেশায় ব্যবসায়ী শামছুলের আয় এক লাখ ৪৫ হাজার টাকা। তাঁর এক লাখ ৯০ হাজার টাকার সম্পদ এবং যৌথ মালিকানায় কৃষিজমি ও বাড়ি রয়েছে।
আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী মো. ইকবাল হোসেন নিজেকে স্বশিক্ষিত উল্লেখ করেছেন। তাঁর আয় ৯৫ হাজার টাকা ও এক লাখ ৪৩ হাজার টাকার সম্পদের পাশাপাশি কিছু কৃষিজমি রয়েছে।
স্বতন্ত্র প্রার্থী আবদুল রব নিজেকে ‘স্বশিক্ষিত’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি পেশায় স্টুডিও ব্যবসায়ী। তাঁর আয় ৬০ হাজার টাকা এবং সম্পদ রয়েছে দুই লাখ ৫১ হাজার টাকার।
আয়বিহীন প্রার্থী: মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী বিএনপি-সমর্থিত রেপা বেগম ও জাতীয় পার্টি-সমর্থিত হাবিবা বেগমের বার্ষিক কোনো আয় নেই। এর মধ্যে রেপার পেশা গৃহিণী। হাবিবা পেশা উল্লেখ করেননি। রেপার তিন লাখ টাকার সম্পদ এবং হাবিবার ৬০ হাজার টাকার সম্পদের পাশাপাশি একটি মুঠোফোন ও দুই ভরি ওজনের সোনার হার রয়েছে। রেপা অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন। হাবিবা বিএ পাস করেছেন।