শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী ভারতের শিশু অধিকারকর্মী কৈলাস সত্যার্থী আয়ের ক্ষেত্রে ক্রমে বৈষম্য বেড়ে যাওয়া এবং সহিংসতাকে বিশ্বশান্তি ও নিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবে চিহ্নিত করেছেন। তিনি পৃথিবীকে বদলে দিতে তরুণ ও শিশুদের জন্য ঢাকা থেকে ঐক্যবদ্ধ উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
কৈলাস সত্যার্থী গতকাল রোববার ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সম্মেলনের সাধারণ বিতর্কে মূল প্রবন্ধে এ আহ্বান জানান। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত আইপিইউর ১৩৬তম সম্মেলনে সাধারণ বিতর্কে সভাপতিত্ব করেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। পাঁচ দিনের এই সম্মেলনের এবারের প্রতিপাদ্য ‘রিড্রেসিং ইনইকুয়ালিটিজ: ডেলিভারিং অন ডিগনিটি অ্যান্ড ওয়েল বিং ফর অল’।
কৈলাস সত্যার্থী বলেন, ‘বিশ্বের ১০০ কোটি মানুষ দিনে দুই ডলারও আয় করতে পারে না। আর ৫০ শতাংশ মানুষের সমপরিমাণ সম্পদ আছে মাত্র আটজন ধনীর কাছে। দিনে দিনে এই বৈষম্য বাড়ছে। আমরা যখন এই সম্মেলন করছি, তখন ২৭০ মিলিয়ন শিশু স্কুলে যেতে পারছে না। ২১ মিলিয়ন মানুষ বিক্রি হয়ে শ্রমদাসে পরিণত হয়েছে। এটা মেনে নেওয়া যায় না, সহ্য করা যায় না।’ বিশ্বব্যাপী সন্ত্রাস ও জঙ্গিবাদ সম্পর্কে তিনি বলেন, ‘দক্ষিণ এশিয়াসহ পৃথিবীর কিছু অংশে তরুণেরা ভুল পথে গিয়ে উগ্রবাদের পথ বেছে নিচ্ছে। বিশ্বের ২৩০ মিলিয়ন শিশুর বসবাস সংঘাতপূর্ণ এলাকায়। তাদের জীবন ও শিক্ষা বিপদগ্রস্ত। যৌথভাবে এর সমাধান আমাদের দায়িত্ব। এই বিপদগ্রস্ত শিশুদের বাঁচানোর জন্য আমি আপনাদের আহ্বান জানাই।’
ভারতের এই শিশু অধিকারকর্মী বলেন, ‘এক দিকে ১০০ মিলিয়ন শিশু দাসত্ব, পাচার, শিক্ষাবঞ্চনাসহ বিভিন্ন সহিংসতার শিকার হচ্ছে। অন্যদিকে ১০০ মিলিয়ন তরুণ আছে, যারা পৃথিবীটাকে বদলে দিতে চায়। পৃথিবীকে বদলে দেওয়ার শক্তি ও ক্ষমতা তাদের আছে। আমরা কি এই তরুণদের পাশে দাঁড়াতে পারি না? আমরা যদি এই শক্তিকে কাজে লাগাতে না পারি, তবে তারা হতাশাগ্রস্ত, অসহিষ্ণু ও সহিংস হয়ে পড়বে। তরুণদের কথা যদি শোনা হয়, তাহলে এই পৃথিবী আরও আনন্দময় ও শক্তিশালী হতো। পৃথিবীকে সুন্দর করতে তরুণদের শক্তি, আদর্শ ও সম্ভাবনা আছে।’
সারা বিশ্বে বাল্যবিবাহ ও শিশুশ্রমের বিরুদ্ধে দাঁড়াতে কৈলাস সত্যার্থী সাংসদদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ‘বিশ্বের সব শিশুর প্রাথমিক শিক্ষায় প্রয়োজন মাত্র ২২ বিলিয়ন ডলার, যা বিশ্বের সাড়ে তিন দিনের প্রতিরক্ষা বাজেটের সমান। এই বিশ্ব কি এতই গরিব যে এই পরিমাণ অর্থ প্রাথমিক শিক্ষার জন্য ব্যয় করতে পারবে না? বাজেটে এই অর্থ বরাদ্দ করার দায়িত্ব আপনাদের।’