আয়মন আকবরের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সালথা উপজেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য আয়মন আকবরের পক্ষে ফরিদপুরের সালথায় সংবাদ সম্মেলন করেছেন উপজেলা আওয়ামী লীগ ও উপজেলা পরিষদের চেয়ারম্যান। গতকাল শনিবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবাদ সম্মেলন হয়।
গত ১ নভেম্বর ফরিদপুর প্রেসক্লাবে সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. দেলোয়ার হোসেন ও সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী সংবাদ সম্মেলন করে আয়মন আকবরের বিরুদ্ধে নেতা-কর্মীদের নির্যাতন, নেতা-কর্মীদের এলাকাছাড়া করাসহ বিভিন্ন অভিযোগ এনে তাঁকে এলাকার রাজনীতি থেকে প্রত্যাহার করার জন্য দলীয় প্রধান শেখ হাসিনার প্রতি আহ্বান জানান।
‘১ নভেম্বর সাংবাদ সম্মেলনে আয়মন আকবর সম্পর্কে মিথ্যাচার করা হয়েছে’ দাবি করে এর প্রতিবাদে গতকাল সালথায় ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
গতকালের সংবাদ সম্মেলনে সালথা উপজেলা আওয়ামী লীগের পক্ষে লিখিত বক্তব্য পড়েন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ফারুক উজ্জামান মিয়া। লিখিত বক্তব্যে তিনি বলেন, সাজেদা চৌধুরীর সুযোগ্য সন্তান আয়মন আকবরের বিচক্ষণ, দূরদর্শী রাজনৈতিক সিদ্ধান্তের কারণে অতীতের যেকোনো সময়ের চেয়ে বর্তমানে সালথা উপজেলা আওয়ামী লীগ অধিক সুশৃঙ্খল ও ঐক্যবদ্ধ।
সংবাদ সম্মেলনে সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওহিদুজ্জামান লিখিত বক্তব্যে বলেন, ‘আমি ও দেলোয়ার একই এলাকার বাসিন্দা ও আত্মীয়। এ জন্য দেলোয়ার ও তাঁর পরিবার সম্পর্কে আমি ভালো জানি। দেলোয়ার ১৯৯১ সালে সুকৌশলে আওয়ামী লীগে ঢুকে যান। এর আগে তিনি বিএনপি ও জাতীয় পার্টিও করেছেন।’
মো. ওহিদুজ্জামান আরও বলেন, ‘আমাদের এএসপি (ভাঙ্গা সার্কেল) মো. শামসুল হক, সালথা থানার ওসি ডি এম বেলায়েত হোসেনসহ কয়েকজন সৎ, নিষ্ঠাবান পুলিশ কর্মকর্তা সম্পর্কে ১ নভেম্বরের সংবাদ সম্মেলনে দেলোয়ার গং যে মন্তব্য করেছেন, তা মিথ্যা ও ভিত্তিহীন।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি সহিদুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল হাসান খান ও আবদুল ওহাব, সাংগঠনিক সম্পাদক খন্দকার রেজাউর রহমান প্রমুখ।
অভিযোগ প্রসঙ্গে দেলোয়ার হোসেন বলেন, ‘১৯৭৮-৭৯ থেকে আমি ছাত্রলীগের নেতা ছিলাম। তারই ধারাবাহিকতায় আজ আমি সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি। আয়মন আকবরের মদদপুষ্ট হাইব্রিড আওয়ামী লীগারদের হাত থেকে দলকে বাঁচানোর জন্য আমাদের এ উদ্যোগ।’
সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী বলেন, ‘আমি কখনোই আয়মন আকবরের কাছ থেকে অন্যায় কোনো সাহায্য নিইনি। শুধু আয়মন আকবরের অপকর্মের প্রতিবাদ করায় তাঁর রোষানলে পড়ে আমাদের বিভিন্নভাবে নির্যাতিত ও অপমানিত হতে হচ্ছে।’