আয়মন ফরিদপুরে গিয়েছিলেন তবে...
জাতীয় সংসদের উপনেতা সাজেদা চৌধুরীর ছেলে আয়মন আকবরের ফরিদপুরে আগমন ঠেকাতে গত বৃহস্পতিবার শ্রমমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের সমর্থকেরা দেশীয় অস্ত্র নিয়ে প্রতিরোধ গড়েছিলেন। ওই দিন আর আয়মন ফরিদপুরে আসেননি। তবে গতকাল শুক্রবার এসেছিলেন। সঙ্গে ছিলেন মা সাজেদা চৌধুরী।কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য বিপুল ঘোষ, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি লোকমান হোসেন মৃধা, সাজেদা পক্ষের সাধারণ সম্পাদক দাবিদার মনিরুল হাসানের নেতৃত্বে গতকাল দুই শতাধিক মাইক্রোবাস ও মোটরসাইকেলের বহর রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ঘাটে সাজেদা ও আয়মনকে স্বাগত জানায়। পরে তারা মোটর শোভাযাত্রা করে মা ও ছেলেকে ফরিদপুরের ভাঙা উপজেলায় নিয়ে আসেন। সেখানে উপজেলা মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন সাজেদা। উপস্থিত ছিলেন আয়মনও।বক্তব্য দিতে গিয়ে সাজেদা চৌধুরী গত বুধ ও বৃহস্পতিবার ফরিদপুরে জেলা আওয়ামী লীগের বিবদমান দুই পক্ষের সংঘর্ষ, গুলি, দেশীয় অস্ত্রের মহড়া বিষয়ে কোনো কথা বলেননি।সাজেদা চৌধুরী বলেন, ইসলাম নারীকে ঘরের মধ্যে বন্দী হয়ে থাকার বিধান দেয়নি। কিছু লোক আছে, যারা নারীর সামাজিক উন্নয়নে বিরোধী। এদের প্রতিহত করতে হবে।কারও নাম উল্লেখ না করে সাজেদা চৌধুরী বলেন, ‘ওনারা যখন ক্ষমতায় থাকেন, তখন দেশের সব সম্পদ লুট করেন। আমরা ক্ষমতায় এসে কাজ করি, আর ওনারা আবার এসে তা খায়। এ খাওয়ার সুযোগ ভবিষ্যতে আর দেওয়া হবে না।’সুপ্রিম কোর্টের রায়ের অনুলিপি পাওয়া গেলে বাহাত্তরের সংবিধানে ফিরে যাওয়ার প্রক্রিয়া শুরু হবে মন্তব্য করে সাজেদা চৌধুরী বলেন, ‘বিএনপি-জামায়াত চক্র হুজিসহ বিভিন্ন মৌলবাদী সংগঠন নিয়ে আজ জোট বেঁধেছে। তারা আমাদের শেষ করে দিতে চায়। পাকিস্তানিরাই আমাদের শেষ করতে পারেনি, তারাও পারবে না।’ফরিদপুর-৪ (ভাঙ্গা, চরভদ্রাসন, সদরপুর) আসনের সাংসদ নিলুফার জাফর উল্লাহর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের শ্রমমন্ত্রী খন্দকার মোশাররফ-সমর্থিত অংশের নেত্রী জেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক নাজনীন হায়দার ও সদস্যসচিব আইভী মাসুদ। অন্যদের মধ্যে বক্তব্য দেন ভাঙ্গা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফায়জুর রহমান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রওনক জাহান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহ উপস্থিত থাকলেও বক্তব্য দেননি।অনুষ্ঠান পরিচালনা করেন যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক লাভলী আক্তার। অনুষ্ঠানের শুরুতে তিনি জানান, এ সম্মেলনে অতিথি হিসেবে সংরক্ষিত সাংসদ সালেহা মোশাররফকে অতিথি করা হয়েছিল। কিন্তু মন্ত্রীকে (শ্রমমন্ত্রী) দাওয়াত না দেওয়ায় তিনি (সালেহা মোশাররফ) আসেননি।এ বক্তব্য প্রত্যাখ্যান করে বেগম সালেহা মোশাররফ প্রথম আলোকে বলেন, ‘আমি অসুস্থ থাকায় ওই অনুষ্ঠানে যেতে পারিনি। বিষয়টি আমি সংসদ উপনেতাকেও জানিয়েছি।’অনুষ্ঠানে নিজের ও নাজনীন হায়দারের উপস্থিতি প্রসঙ্গে জেলা মহিলা আওয়ামী লীগের সদস্যসচিব আইভী মাসুদ প্রথম আলোকে বলেন, ‘সম্মেলনটি ছিল মহিলা আওয়ামী লীগের। স্থানীয় সাংসদ সংসদ উপনেতা সাজেদা চৌধুরীকে যেমন অতিথি করা হয়েছে, তেমনি জেলা মহিলা আওয়ামী লীগের নেতা হিসেবে আমাদেরও দাওয়াত করা হয়েছে। আমরা তো সাজেদা চৌধুরীকে অতিথি করিনি।’সাজেদা ও তাঁর ছেলেকে শোভাযাত্রা করে ফরিদপুরে নিয়ে আসা প্রসঙ্গে আওয়ামী লীগের নেতা বিপুল ঘোষ প্রথম আলোকে বলেন, ‘তিনি (সাজেদা) জাতীয় সংসদের উপনেতা বলে তাঁকে সম্মানের সঙ্গে ফরিদপুরে আনা হয়েছে। আমরা বরাবরই এমনটি করে থাকি।’সম্মেলন শেষে ভাঙ্গা উপজেলা ডাকবাংলোতে দুপুরের খাবার শেষ করে আয়মন আকবরসহ ঢাকার উদ্দেশে রওনা হন সাজেদা।এদিকে শ্রমমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের ভাই খন্দকার মোহতেশাম হোসেন গতকাল বেলা ১১টায় শহরের হরিসভা এলাকার মেঘদূত নামের একটি সংগঠনের ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। গত দুই দিনের ঘটনাবলির প্রতি ইঙ্গিত দিয়ে তিনি বলেন, ‘আমরা বহিরাগত সন্ত্রাসী দ্বারা শাসিত হতে চাই না। ফরিদপুর সদরের মান-ইজ্জত রক্ষায় আমরা একত্র হয়েছি। ভবিষ্যতেও ফরিদপুরে বহিরাগত কারও কোনো ধৃষ্টতা সহ্য করা হবে না। এ ধরনের ধৃষ্টতা কেউ দেখালে একা হলেও আমি এর প্রতিবাদ জানাব।’