আয়মনকে আ.লীগ থেকে বহিষ্কারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমার মোড় থেকে হাটকৃষ্ণপুর সড়কের নামফলক ভেঙে নতুন নামফলক স্থাপনের ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে। এ ঘটনায় জড়িত উপজেলা আওয়ামী লীগের সভাপতি আয়মন আকবরকে দল থেকে বহিষ্কারের দাবি উঠেছে।
ওই নামফলকে লেখা ছিল ‘ওয়াহেদ সরদার সড়ক’। তালমার মোড়ে নগরকান্দা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে আয়োজিত এক সভায় ওয়াহেদ রাজাকার ছিলেন, এমন অভিযোগ তুলে সেটি ২৮ এপ্রিল ভেঙে দেওয়া হয়। এরপর সেখানে ‘বিশ্ব জাকের মঞ্জিল সড়ক’ লেখা নামফলক স্থাপন করা হয়। ওই সভায় ওয়াহেদ সরদারের বিরুদ্ধে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আয়মন আকবর।
‘ওয়াহেদ সরদারের বিরুদ্ধে মিথ্যা অপবাদ’ দেওয়ার প্রতিবাদে গতকাল শনিবার দুপুরে ফরিদপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন তাঁর ছয় ছেলে। এতে লিখিত বক্তব্য পাঠ করেন নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সদস্য সরদার সাইফুজ্জামান । উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য মনিরুজ্জামান সরদার, সংস্কৃতিবিষয়ক সম্পাদক সরদার বদিউজ্জামান, কর্মী বাবলু সরদার, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি সরদার আশরাফুজ্জামান ও সাবেক সরকারি কৌঁসুলি (পিপি) আবুল বাসার সরদার। তাঁরা সবাই মৃত ওয়াহেদ সরদারের ছেলে।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, আয়মন আকবর প্রতিহিংসা ও রাজনৈতিক শত্রুতাবশত ওয়াহেদের পরিবারের ওপর কালিমা লেপন করছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আবেদন জানানো হয়, ‘আয়মন আকবর নগরকান্দা ও সালথার বনেদি আওয়ামী লীগ পরিবারের সদস্যদের সম্মানহানি ও মামলা দিয়ে হয়রানি করছেন। তাই অতিসত্বর তাঁকে দলের কর্মকাণ্ড থেকে অব্যাহতি দিয়ে স্থানীয় জনগণ ও আওয়ামী লীগকে বাঁচিয়ে রাখার ব্যবস্থা করুন।’
আয়মন আকবর মুঠোফোনে কয়েকবার ফোন দিলেও তিনি ধরেননি। তবে অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন। আয়মন আকবর নগরকান্দা ও সালথা আওয়ামী লীগের ঐক্যের প্রতীক মন্তব্য করে তিনি বলেন, ওয়াহেদ সরদার রাজাকার ছিলেন, এটা শতভাগ প্রমাণিত। মুক্তিযোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে তাঁর নামফলকটি ভাঙা হয়।