আয়া থেকে কাউন্সিলর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘১৯৯৪ সালে স্বামীর সঙ্গে বিচ্ছেদ। তখন দুই ছেলে ও এক মেয়ে, গর্ভে আরেকজন। তাদের নিয়ে অন্ধকার দেখছিলাম। এরপর তিন ছেলে আর এক মেয়েকে নিয়ে সংগ্রামী জীবন। বাবার বাড়িতে থেকেই এক টুকরো জমি কিনে ঘর তুলি। ওই ঘরে থেকেই কিছু একটা করার স্বপ্ন দেখি। একবার ইউনিয়ন পরিষদের সদস্য পদে প্রার্থী হই। কিন্তু মনোনয়নপত্র বাতিল হয়ে যায়। তখন জেদ চেপেছিল, জীবনে একবার হলেও নির্বাচন করব। জনগণের খেদমত করব। ওই প্রতিজ্ঞাই কাউন্সিলর বানিয়েছে।’ গত রোববার কথাগুলো বলছিলেন কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে বিজয়ী ছালেহা আক্তার। গত শনিবার তিনি ওই ওয়ার্ডের কাউন্সিলর পদে এক হাজার ৬৬৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন নূরুন নাহার। নাঙ্গলকোট মডেল মহিলা কলেজের একসময়ের অস্থায়ী চতুর্থ শ্রেণীর কর্মচারী (আয়া) ছালেহা এখনো একটি মাদ্রাসায় খণ্ডকালীন আয়ার কাজ করছেন। ছালেহা আক্তার জানান, একদিকে দরিদ্রের সঙ্গে বসবাস, অন্যদিকে সন্তানদের নিয়ে অনিশ্চয়তার মধ্যে এগিয়ে চলা—এত কিছু সম্ভব হয়েছে এলাকাবাসীর ভালোবাসায়।নির্বাচনী ব্যয় বহনের বিষয়ে তিনি বলেন, ‘দেড় ভরি স্বর্ণ বিক্রি করেছি। এলাকার লোকজন সাহায্য করেছে। এভাবেই হয়ে গেছে।’ নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ রেহান উদ্দিন ও নাঙ্গলকোট পৌরসভার মেয়র মো. সামছুদ্দিন কালু বলেন, তাঁর ব্যক্তিগত গুণাবলির কারণে এলাকাবাসী তাঁকে ভোট দিয়েছেন। অনেক লড়াই-সংগ্রাম করে এতটুকু পথ তিনি এসেছেন।