আয়ার বাড়িতে গর্ভপাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আয়ার বাড়িতে গর্ভপাত করার পর রক্তক্ষরণে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গত রোববার সন্ধ্যায় হাজিপুর ইউনিয়নের সাটিয়া বদলিপাড়া গ্রামের পরিবার পরিকল্পনা বিভাগের আয়া সহিদা বেগমের বাড়িতে এ ঘটনা ঘটে।
গৃহবধূর পরিবার জানায়, পীরগঞ্জের ভোমরাদহ ইউনিয়ন পরিবার পরিকল্পনা ক্লিনিকের আয়া সাহিদা বেগম ৪০০ টাকার বিনিময়ে নিজ বাড়িতে সাটিয়া ইয়াকুব চেয়ারম্যানপাড়া গ্রামের দিনমজুর আক্তারুল ইসলামের স্ত্রী রাজেতুন নেসার (৪৫) গর্ভপাত করে দেন। এর পর থেকে রাজেতুনের শরীর থেকে ব্যাপক রক্তক্ষরণ হতে থাকে। এ সময় হাসপাতালে স্থানান্তর না করে তাঁকে নিজ বাড়িতেই রেখে দেন সাহিদা বেগম। সন্ধ্যা সাতটার দিকে রাজেতুন মারা যান। ঘটনাটি জানাজানি হলে অবস্থা বেগতিক দেখে আক্তারুলকে সালিসের প্রস্তাব দেন সাহিদা।
আক্তারুল বিষয়টি গ্রামবাসী ও হাজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীনকে জানান। রাত সাড়ে ১২টার দিকে জয়নাল আবেদীনের উপস্থিতিতে তাঁর পেট্রলপাম্পে সালিস বৈঠক বসে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাজেতুনের স্বামীকে ৭০ হাজার এবং কিছু সাংবাদিক ও পুলিশকে এক লাখ ৬০ হাজার টাকা দিতে হবে শর্তে ওই আয়াকে ছাড় দেওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু গতকাল সোমবার সকালে পীরগঞ্জ থানার পুলিশ রাজেতুনের লাশ তুলে নিয়ে ঠাকুরগাঁও সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় মামলা করা হয়েছে বলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতেসাম জানান।
পীরগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সুব্রত রায় বলেন, ‘আয়া কোনোভাবেই গর্ভপাত করতে পারেন না। তিনি শুধু এসব কাজে সহায়তা করতে পারেন।’