আয়ারল্যান্ডে আশ্রয় চাওয়ায় দ্বিতীয় বাংলাদেশিরা
আয়ারল্যান্ডে আশ্রয় চাওয়া বিদেশিদের মধ্যে সংখ্যার দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে বাংলাদেশিরা। সবচেয়ে বেশি আশ্রয় চেয়েছে পাকিস্তানিরা। খবর আইরিশ টাইমসের।
খবরে বলা হয়, ২০০২ সালের পর থেকে আয়ারল্যান্ডে আশ্রয়প্রার্থীর সংখ্যা কমতে থাকে। ওই বছর যেখানে ১১ হাজার ৬৩৪ বিদেশি দেশটিতে আশ্রয়ের আবেদন করেছিলেন, সেখানে ২০১৩ সালে সংখ্যাটা কমে মাত্র ৯৪৬-এ চলে আসে। গত বছর থেকে এই সংখ্যা আবার বাড়তে শুরু করেছে।
২০১৪ সালে আয়ারল্যান্ডে আশ্রয় প্রার্থনা করে আবেদনের ক্ষেত্রে সবার ওপরে ছিলেন পাকিস্তানিরা। ওই বছর ২৯২ জন পাকিস্তানি দেশটিতে আশ্রয়ের আবেদন করেন। দ্বিতীয় অবস্থানে থাকা বাংলাদেশিরা আবেদন করেছিলেন ৯৯টি। আর চলতি বছরের প্রথম নয় মাসে পাকিস্তানিদের আশ্রয় আবেদন পড়েছে ১ হাজার ১১৮টি। একই সময়ে দেশটিতে আশ্রয়ের জন্য আবেদন করেছেন ২৩১ জন বাংলাদেশি। ভারতের মাত্র ১২ জন নাগরিক ২০১৪ সালে আয়ারল্যান্ডে আশ্রয়ের আবেদন করেন। চলতি বছরের প্রথম নয় মাসেই আশ্রয়ের আবেদন করেছেন ১০৫ জন ভারতীয়।