আয়ারল্যান্ডে ম্যারি রবিনসন সেন্টার উদ্বোধনে ড. ইউনূস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যারি রবিনসন সেন্টারের উদ্বোধন শেষে তার ফলক ঘিরে  ড. মুহাম্মদ ইউনূস ও আয়ারল্যান্ডের সাবেক প্রেসিডেন্ট ম্যারি রবিনসন l ছবি ইউনূস সেন্টারের সৌজন্যে
ম্যারি রবিনসন সেন্টারের উদ্বোধন শেষে তার ফলক ঘিরে ড. মুহাম্মদ ইউনূস ও আয়ারল্যান্ডের সাবেক প্রেসিডেন্ট ম্যারি রবিনসন l ছবি ইউনূস সেন্টারের সৌজন্যে

আয়ারল্যান্ডের সাবেক প্রেসিডেন্ট ও জাতিসংঘের মানবাধিকারবিষয়ক সাবেক হাইকমিশনার ম্যারি রবিনসনের নামে প্রতিষ্ঠিত ‘ম্যারি রবিনসন সেন্টার’ উদ্বোধন করেছেন নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ১৭ অক্টোবর দেশটির ব্যালিনা শহরে এ সেন্টারের উদ্বোধন করা হয়।
গতকাল মঙ্গলবার ইউনূস সেন্টারের পাঠানো এক বিবৃতিতে বলা হয়, আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিন থেকে ২৩৪ কিলোমিটার পশ্চিমে অবস্থিত ব্যালিনায় সড়কপথে একত্রে যান রবিনসন ও ইউনূস। এরপর ব্যালিনায় যে বাড়িতে রবিনসনের জন্ম ও বেড়ে ওঠা, সেটি তাঁরা ঘুরে দেখেন। বাড়িটি রবিনসনের পরিবার নগর কর্তৃপক্ষকে দান করে দেওয়ার পর সেটিকেই এখন ম্যারি রবিনসন সেন্টার হিসেবে রূপান্তর করা হয়েছে।
সেন্টারটি উদ্বোধন শেষে সুপরিচিত মাউন্ট ফ্যালকন এস্টেটে ভাষণ দেন ড. ইউনূস। এদিন ছিল আন্তর্জাতিক দারিদ্র্য দূরীকরণ দিবস। তাই তাঁর ভাষণেরও মূল বিষয়বস্তু ছিল, ‘আমরা চাইলেই গড়তে পারি দারিদ্র্যমুক্ত বিশ্ব’।
পরের দিন আয়ারল্যান্ডের অন্যতম শীর্ষ বিশ্ববিদ্যালয় ডাবলিন সিটি ইউনিভার্সিটি ড. ইউনূসকে ডক্টরেট ডিগ্রি প্রদান করে। ড. ইউনূসের সম্মানে আয়োজিত বিশেষ এক সংবর্ধনা অনুষ্ঠানে তাঁকে এই ডিগ্রি প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ড. মার্টিন ম্যাকালিসি ও বিশ্ববিদ্যালয়ের সভাপতি প্রফেসর ব্রায়ান ম্যাকগ্রেইথ। সমাবর্তন অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন। অতিথিদের একটা বড় অংশ ছিল আয়ারল্যান্ডে বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধি।
সমাবর্তন অনুষ্ঠানে ড. ইউনূস তাঁর ভাষণে দারিদ্র্য, বেকারত্ব ও অন্যান্য মানবিক সমস্যা সমাধানে তাঁর প্রচেষ্টার কথা তুলে ধরেন।
‘ওয়ান ইয়ং ওয়ার্ল্ড সামিট’ উপলক্ষে ১৭ থেকে ২০ অক্টোবর পর্যন্ত আয়ারল্যান্ডে অবস্থান করেন ড. ইউনূস। ওই সম্মেলনে তিনি মূল প্রবন্ধ উপস্থাপন করেন। সারা বিশ্ব থেকে প্রতিবছর ১৮ থেকে ৩০ বছর বয়সী তরুণ-তরুণীরা এই সম্মেলনে যোগ দেন। ড. ইউনূসকে এই তরুণ সমাজের অন্যতম উপদেষ্টা বানানো হয়েছে। অন্য উপদেষ্টাদের মধ্যে রয়েছেন স্যার বব গেল্ডফ, কফি আনান, ম্যারি রবিনসন ও উইকিপিডিয়ার প্রতিষ্ঠাতা জিমি ওয়েলস।