আয়ার‍ল্যান্ডে তিন মাসে আশ্রয় চেয়েছে ৯০ বাংলাদেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আয়ার‍ল্যান্ডে আশ্রয় চেয়ে চলতি বছরের এপ্রিল থেকে জুন পর্যন্ত তিন মাসে আবেদন করেছেন ৯০ জন বাংলাদেশি। ইউরোপীয় কমিশনের পরিসংখ্যান দপ্তর ইউরোস্ট্যাটের বরাত দিয়ে গত শুক্রবার আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। খবর ইউএনবির।

ইউরোস্ট্যাটের তথ্য অনুযায়ী, এপ্রিল থেকে জুন পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশে মোট ২ লাখ ১৩ হাজার ২০০ জন প্রথমবারের মতো আশ্রয় চেয়ে আবেদন করেন। এর মধ্যে আয়ার‍ল্যান্ডে আবেদন জমা পড়েছে ৮৫৫টি। আশ্রয়প্রার্থীদের বেশির ভাগই বাংলাদেশ, পাকিস্তান ও আলবেনিয়ার নাগরিক। এর মধ্যে পাকিস্তানের রয়েছেন ৪৪০ জন এবং আলবেনিয়ার ৫৫ জন।

প্রতিবেদনে বলা হয়, ইউরোস্ট্যাটের হিসাব অনুযায়ী এপ্রিল থেকে জুন পর্যন্ত তিন মাসে ইউরোপীয় ইউনিয়নে আশ্রয়ের যে আবেদন পড়েছে, তা আগের তিন মাসের চেয়ে ১৫ শতাংশ বেশি। আর ২০১৪ সালের এপ্রিল থেকে জুনের তুলনায় ৮৫ শতাংশ বেশি।

চলতি বছরের এপ্রিল থেকে জুন পর্যন্ত সিরিয়া ও আফগানিস্তানের আশ্রয়প্রার্থীর সংখ্যা বিশেষভাবে বেড়েছে। এই সময়ে সিরিয়ার ৪৪ হাজার এবং আফগানিস্তানের ২৭ হাজার লোক আশ্রয় চেয়ে আবেদন করেন। তাঁদের মধ্যে প্রতি তিনজনে একজনই জার্মানিতে আশ্রয় চান।