আয়ের অন্যতম উৎস উন্নয়ন অনুদান খাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাজেট ঘোষণা করছেন চট্টগ্রাম সিটি  মেয়র আ জ ম নাছির উদ্দীন
বাজেট ঘোষণা করছেন চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন

চট্টগ্রাম সিটি করপোরেশন ২০১৬-১৭ অর্থবছরের জন্য ২ হাজার ২২৫ কোটি ৬৭ লাখ টাকার বাজেট ঘোষণা করেছে। গতকাল রোববার দুপুরে নগর ভবনের কে বি আবদুচ ছত্তার মিলনায়তনে বাজেট ঘোষণা করেন মেয়র আ জ ম নাছির উদ্দীন। অর্থবছরের তিন মাস পার হওয়ার পর এ বাজেট দেওয়া হয়েছে। কর আদায় ও উন্নয়ন অনুদানকে বাজেটে আয়ের মূল খাত হিসেবে দেখানো হয়েছে।
২০১৫-১৬ অর্থবছরে ৫৯২ কোটি ৬৬ লাখ টাকার সংশোধিত বাজেটও গতকাল অনুমোদন করা হয়। গত বছর মূল বাজেট ছিল ১ হাজার ৬৩২ কোটি ৭৮ লাখ টাকা। বাজেট বাস্তবায়নের হার ৩৬ দশমিক ৩০ শতাংশ। তবে গত বছরের ৭ সেপ্টেম্বর ২০১৫-১৬ অর্থবছরের বাজেট ঘোষণার সময় মেয়র ৭০-৮০ শতাংশ বাস্তবায়নের ঘোষণা দিয়েছিলেন।
এ বিষয়ে মেয়র আ জ ম নাছির বলেন, ‘বেশ কিছু কারণে গত অর্থবছরে বাজেট বাস্তবায়নের লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব হয়নি। বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) খাতে যতটুকু আশা করেছিলাম, ততটুকু পাইনি। আর প্রধান রাজস্ব কর্মকর্তা ও রাজস্ব কর্মকর্তা গত বছরের ডিসেম্বরের দিকে অবসরে চলে যাওয়ায় রাজস্ব আদায়ের ক্ষেত্রে কিছু অসুবিধা ছিল।’
এবার কর ও উন্নয়ন অনুদাননির্ভর বাজেট: চলতি অর্থবছরের বাজেটে করপোরেশনের নিজস্ব উৎস থেকে আয় ধরা হয়েছে ১ হাজার ১৯৭ কোটি ৪২ লাখ টাকা। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বকেয়া কর খাতে ২৪২ কোটি ৪৬ লাখ ৫২ হাজার টাকা, হালকর (এ বছরের) খাতে ৫৫০ কোটি ৮৯ লাখ ৪৮ হাজার টাকা ও অন্যান্য কর খাতে ২২২ কোটি ২৭ লাখ টাকা। আর উন্নয়ন অনুদান খাতে আয় ধরা হয়েছে ৯৮৫ কোটি ১০ লাখ টাকা। গতবার এ খাতে ৯৭২ কোটি টাকা আয় ধরা হলেও শেষ পর্যন্ত পাওয়া গেছে ২২৭ কোটি ৮০ লাখ ৮৪ হাজার টাকা।
কর খাতে অর্থ আদায় প্রসঙ্গে মেয়র বলেন, সম্প্রতি করপোরেশনের ১১টি ওয়ার্ডে পঞ্চবার্ষিকী কর পুনর্মূল্যায়ন করা হয়েছে। আগে এসব ওয়ার্ড থেকে হোল্ডিং ট্যাক্স (গৃহ কর) আয় হতো ৩১ কোটি টাকা। এখন সেখান থেকে আয় হবে ১৫৬ কোটি টাকা। বাকি ৩০টি ওয়ার্ডেরও কর পুনর্মূল্যায়নে সময় হয়েছে। সব ওয়ার্ডে কর পুনর্মূল্যায়ন করা হলে অতিরিক্ত ৪০০ কোটি টাকা হোল্ডিং ট্যাক্স আদায় হবে। তিনি বলেন, হোল্ডিং ট্যাক্স বৃদ্ধি না করে আইন অনুযায়ী কর আদায় করা হবে।
এবারের বাজেটে উন্নয়ন খাতে ব্যয় বরাদ্দ দেখানো হয়েছে ১ হাজার ১২১ কোটি টাকা। এর মধ্যে বহদ্দারহাটের বারইপাড়া থেকে কর্ণফুলী নদী পর্যন্ত নতুন খাল খনন প্রকল্পে ২০০ কোটি টাকা, নগরের রাস্তাঘাটের উন্নয়ন ও অ্যাসফল্ট স্থাপনে ১০০ কোটি টাকা, জাইকার প্রকল্পে ১২৫ কোটি টাকা উল্লেখযোগ্য। এ ছাড়া পরিচালনা ও রক্ষণাবেক্ষণ খাতে ব্যয় দেখানো হয়েছে ৬৩০ কোটি ৫৬ লাখ ৫০ হাজার টাকা।
সিটি করপোরেশনের বাজেট বাস্তবায়ন প্রসঙ্গে প্রবীণ অর্থনীতিবিদ ও ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহাম্মদ সিকান্দার খান প্রথম আলোকে বলেন, সিটি করপোরেশন এবার সময় নিয়ে বাস্তবধর্মী বাজেট ঘোষণার দাবি করেছে। করপোরেশন হয়তো বিভিন্ন খাতে সক্ষমতা বৃদ্ধি করেছে। বছর শেষে বোঝা যাবে আদৌ কতটুকু বাজেট বাস্তবায়ন হয়েছে।