চুয়াডাঙ্গার দর্শনা পৌরসভায় ২০ বছর ধরে প্রহরী পদে কর্মরত মহসীন আলী (৪৫)। বেতন-ভাতা মিলিয়ে মাসে পান ১৩ হাজার টাকা। তা দিয়ে কোনোমতে চলছিল স্ত্রী-দুই সন্তানসহ চার সদস্যের সংসার। কিন্তু পৌর কর্তৃপক্ষ অর্থসংকটে পড়ায় তাঁর গত ১০ মাসের বেতন-ভাতা বকেয়া পড়েছে।
মহসীন বললেন, ‘ঋণের বোঝা প্রতিদিন ভারী হচ্ছে। বাজার-ঘাটে পৌর কর্মচারী পরিচয় শুনলে আর কেউ দেনায় কিছু বিক্রি করতে চায় না। বাচ্চারা ভালো-মন্দ খেতে চাইলেও দিতে পারি না। স্বজনদের কাছে ঋণ-কর্জ করে আর কত দিন চলা যায়?’
আয়ের চেয়ে ব্যয় বেশি হওয়ায় চরম অর্থসংকটে রয়েছে দর্শনা পৌরসভা। এর ফলে মহসীন আলীর মতো পৌরসভার সব কর্মকর্তা-কর্মচারীরই ১০ মাসের বেতন-ভাতা বকেয়া পড়েছে। পরিবার-পরিজন নিয়ে বিপাকে রয়েছেন তাঁরা।
পৌরসভা কার্যালয় সূত্রে জানা গেছে, ১৯৯১ সালের ২৭ নভেম্বর দর্শনাকে ইউনিয়ন পরিষদ থেকে পৌরসভায় উন্নীত করা হয়। ২০১১ সালে তৃতীয় থেকে দ্বিতীয় শ্রেণিতে উন্নীত হয় পৌরসভাটি। বর্তমানে এখানে মেয়র, সংরক্ষিত কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলর মিলে ১৩ সদস্যের পরিষদ রয়েছে। রয়েছেন স্থায়ী দুজন কর্মকর্তা ও ২৫ জন কর্মচারীর পাশাপাশি চুক্তিভিত্তিক ও মাস্টার রোলে নিয়োগ পাওয়া ৩৯ জন অস্থায়ী কর্মচারী। নতুন বেতন স্কেল চালু হওয়ার পর এ পৌরসভায় বেতন-ভাতা ও সম্মানী বাবদ প্রতি মাসে খরচের পরিমাণ দাঁড়িয়েছে ৯ লাখ ৩৯ হাজার টাকা। কিন্তু মোট আয় এর চেয়ে অনেক কম হওয়ায় উন্নয়নকাজে ব্যয় দূরের কথা, কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা দেওয়াই দায় হয়ে পড়েছে।
পৌরসভার সচিব এস এম আবদুস সামাদ জানান, সর্বশেষ ২০১১ সালে এ পৌরসভায় কর পুনর্নির্ধারণ করা হয়। সে অনুযায়ী এখনো কর আদায় চলছে। পৌরসভায় এখন বার্ষিক কর আদায়ের লক্ষ্যমাত্রা ৭৩ লাখ ১৯ হাজার ১১৭ টাকা। সে হিসাবে প্রতি মাসের রাজস্ব আদায়ের পরিমাণ দাঁড়ায় ৬ লাখ ৯ হাজার ৯২৬ টাকা। অর্থাৎ শতভাগ রাজস্ব আদায় হলেও প্রতি মাসে বেতন-ভাতা ও সম্মানী বাবদ ঘাটতি থাকে ৩ লাখ ২৯ হাজার ৭৪ টাকা। তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে আয়ের তুলনায় ব্যয় বেশি হওয়ায় এই সংকটের সৃষ্টি হয়েছে।’
পৌরসভা সূত্র বলছে, ১ নভেম্বর প্রণীত হিসাব অনুযায়ী বর্তমান কর্মকর্তা-কর্মচারী ও পরিষদের সদস্যদের বেতন-ভাতা-সম্মানী এবং অবসর গ্রহণকারী একজন কর্মচারীর কাছে পৌরসভার মোট বকেয়ার পরিমাণ দাঁড়িয়েছে ১ কোটি ৯৮ লাখ ৫৮ হাজার টাকা। এর মধ্যে রয়েছে ১০ মাসের বেতন-ভাতা বাবদ ৬৬ লাখ, ভবিষ্য তহবিল ৪০ লাখ ৭০ হাজার, গ্র্যাচুইটি ৫০ লাখ ১০ হাজার ও সম্মানী ১ লাখ ২৮ হাজার টাকা। আর বেতন-ভাতা ও অবসর-ভাতা মিলে সাবেক ক্যাশিয়ার কাম হিসাবরক্ষক রুস্তম আলীর একারই পাওনা ৪০ লাখ ৫০ হাজার টাকা।
রুস্তম আলী বলেন, গত ১৫ মার্চ তিনি যখন অবসর গ্রহণ করেন, তখনো কর্মকর্তা-কর্মচারীদের ১০ মাসের বেতন-ভাতা বকেয়া ছিল। অনেক সীমাবদ্ধতার মধ্যেও পৌর মেয়র মতিয়ার রহমান বকেয়া টাকা পর্যায়ক্রমে পরিশোধ করছেন।
মেয়র মতিয়ার রহমান শারীরিকভাবে অসুস্থ থাকায় তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তবে ১ নম্বর প্যানেল মেয়র রবিউল হক প্রথম আলোকে বলেন, পৌরসভার বর্তমান পরিষদ গত ১০ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণ করে। ওই সময়ও কর্মকর্তা-কর্মচারীদের ১০ মাসের বেতন-ভাতা বকেয়া ছিল। সমস্যা সমাধানে কর পুনর্নির্ধারণ এবং নতুন হাট-ঘাট স্থাপনের মাধ্যমে আয়ের খাত বাড়ানোর চেষ্টা চলছে।