চট্টগ্রাম সিটি করপোরেশনের আয় বাড়ানোর জন্য প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে তিনটি প্রকল্প হাতে নেওয়া হয়েছিল। এখন এই তিনটি প্রকল্প নিয়ে উল্টো বেকায়দায় পড়েছে কর্তৃপক্ষ। তিনটি প্রকল্পের জন্য করপোরেশনকে প্রতি মাসে ব্যয় গুনতে হচ্ছে প্রায় সাড়ে তিন লাখ টাকা। কারণ, দুটি প্রকল্প চালুই করা যায়নি। একটি চালু হলেও তাতে আয়ের চেয়ে ব্যয় বেশি।করপোরেশনের প্রকল্প তিনটি হচ্ছে, প্রিমিয়ার ড্রিঙ্কিং ওয়াটার নামের পানি বোতলজাতকরণ কারখানা, টিউবলাইট উৎপাদন কারখানা ও সিটি করপোরেশন ফার্মাসিউটিক্যালস ওষুধ কারখানা।করপোরেশন সূত্র জানায়, ‘ড্রিঙ্কিং ওয়াটার প্রকল্পে তিন কোটি ২১ লাখ, টিউবলাইট কারখানায় চার কোটি ৭৬ লাখ ও ওষুধ তৈরির কারখানায় চার কোটি ৪০ লাখ টাকা খরচ করা হয়েছে। ২০০৫ সালে ওষুধ তৈরির কারখানা সিটি করপোরেশন ফার্মাসিউটিক্যালস, ২০০৬ সালে টিউবলাইট কারখানা ও ২০০৯ সালে প্রিমিয়ার ড্রিঙ্কিং ওয়াটার প্রকল্প চালু করা হয়। তিনটি প্রকল্পই স্থাপন করা হয় নগরের সাগরিকা এলাকায়। সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর সময় এসব প্রকল্প হাতে নেওয়া হয়।সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মন্জুর আলম প্রথম আলোকে বলেন, ‘এই তিন প্রকল্প নিয়ে আমরা সরকারের কাছে দিকনির্দেশনা চেয়েছি। সরকারের নির্দেশনা অনুসারে ব্যবস্থা নেওয়া হবে।’সিটি করপোরেশন সূত্র জানায়, ২০০৯ সালে প্রিমিয়ার ওয়াটার ড্রিঙ্কিং প্রকল্প উৎপাদন শুরুর সময় পানির ডিলার ছিলেন ২২ জন। পরে পানির মান খারাপ হয়ে যাওয়ায় ডিলারের সংখ্যা ৫-এ নেমে আসে। প্রকল্পে বর্তমানে কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা হিসেবে খরচ হয় প্রায় ৯৪ হাজার টাকা। বিদ্যুৎ খরচ, টেলিফোন বিল, পলিথিন ক্রয় ও স্টিকার মিলে মাসে খরচ প্রায় দেড় লাখ টাকা।অভিযোগ পাওয়া গেছে, প্রকল্পটি শুরুর পর বিনা দরপত্রে অতিরিক্ত দামে পানির জার, জারের ক্যাপ ও কাঁচামাল কেনা হয়। বাজারে একটি বড় জারের (২০ লিটার) নির্মাণ খরচ মূসকসহ ২৭০ টাকা। কিন্তু করপোরেশন কিনেছে ৪৮৮ টাকার বেশি দামে। ফলে ১৭ হাজার জার কিনতে ব্যয় দেখানো হয় ৮৩ লাখ টাকা। ৩০টি ভ্যানগাড়ি কেনার খরচ চার লাখ ২৬ হাজার টাকা, স্থাপনা নির্মাণব্যয় ৮৩ লাখ ৪৮ হাজার এবং যন্ত্রপাতি কেনায় ব্যয় দেখানো হয় এক কোটি ২৭ লাখ টাকা। প্রকল্পে শৌচাগার নির্মাণব্যয় দেখানো হয় পাঁচ লাখ টাকা। এ প্রকল্প থেকে মাসে গড় আয় মাত্র ৩৬-৪০ হাজার টাকা।সিটি করপোরেশনের নিরীক্ষা স্ট্যান্ডিং কমিটির প্রধান ওয়ার্ড কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খান বলেন, ‘আমরা প্রিমিয়ার ড্রিঙ্কিং ওয়াটার প্রকল্প নিয়ে তদন্ত করছি। তদন্ত শেষে মেয়রের কাছে প্রতিবেদন জমা দেওয়া হবে।’টিউবলাইট কারখানা: করপোরেশন সড়কবাতি তৈরির জন্য ২০০৬ সালে সাগরিকায় টিউবলাইট কারখানা প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়। এরই মধ্যে এ প্রকল্পে চার কোটি ৭৫ লাখ টাকা ব্যয় হয়েছে। এর মধ্যে অবকাঠামো নির্মাণব্যয় এক কোটি ৩২ লাখ টাকা, যন্ত্রপাতি ক্রয় এক কোটি ৮০ লাখ, যন্ত্রপাতি স্থাপন ও চালু করার খরচ ৯২ লাখ, বৈদ্যুতিক উপকেন্দ্র স্থাপন ও চালু করার খরচ ৩৪ লাখ, বৈদ্যুতিক ওয়্যারিং ৩৫ লাখ এবং বৈদ্যুতিক মিটারিং প্যানেল বসানোর জন্য দেড় লাখ টাকা ব্যয় দেখানো হয়। তবে কখন কীভাবে কারখানাটি চালু হবে, তা করপোরেশনের সংশ্লিষ্ট কেউ জানাতে পারছেন না।সিটি করপোরেশন ফার্মাসিউটিক্যালস: প্রায় সাড়ে চার কোটি টাকা ব্যয়ে ২০০৫ সালে ফার্মাসিউটিক্যালস প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হলেও পাঁচ বছরেও তা চালু হয়নি। অথচ সেখানে ১২ জন কর্মকর্তা-কর্মচারী দেখানো হচ্ছে, যাঁদের মাসিক বেতন ৮০ হাজার টাকা। এর বাইরে প্রতি মাসে গড়ে ২১ হাজার টাকা বিদ্যুৎ বিল ও চার হাজার টাকা গ্যাস বিল দিতে হয়।সূত্র জানায়, সিটি করপোরেশনের নিজস্ব একটি তদন্ত দল এক বছর আগে এক তদন্ত প্রতিবেদনে জানায়, কারখানায় যে মানের যন্ত্রপাতি বসানো হয়েছে, তা দিয়ে ওষুধ উৎপাদন সম্ভব নয়।এ প্রসঙ্গে মেয়র মন্জুর বলেন, ‘আর্থিক লাভ-ক্ষতির পাশাপাশি অপচয়ের বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে। একটি যন্ত্র কত দিন উৎপাদনে সক্ষম, তা মাথায় রেখেই প্রকল্প প্রতিষ্ঠা করতে হবে।’