শিশু সামিউল হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া তার মা আয়েশা হুমায়রাকে (২৭) দ্বিতীয় দফা রিমান্ডে নিয়েছে পুলিশ। গত বৃহস্পতিবার কারাগার থেকে তাঁকে আদাবর থানায় নেওয়া হয় জিজ্ঞাসাবাদের জন্য। একই সঙ্গে আয়েশার কথিত প্রেমিক শামসুজ্জামান আরিফ (৩৮) ও তাঁর স্ত্রী নাদিরা জামান সাথীকেও রিমান্ডে নেওয়া হয়েছে।পুলিশ সূত্র জানায়, এর আগে বুধবার আয়েশার পাঁচ দিন, আরিফের চার দিন ও তাঁর স্ত্রী সাথীর তিন দিন রিমান্ড মঞ্জুর হয়। ওই দিন তাঁদের পুলিশের জিম্মায় নেওয়া হয়নি, তাই কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। বৃহস্পতিবার আদাবর থানায় নিয়ে পুলিশ তিনজনকে জিজ্ঞাসাবাদ শুরু করে।মামলার তদন্ত কর্মকর্তা আদাবর থানার উপপরিদর্শক কাজী শাহান হক প্রথম আলোকে বলেন, তিনজনকে মুখোমুখি করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শিশু সামিউল হত্যার বিষয়ে প্রত্যেকের কাছ থেকে কিছু তথ্য পাওয়া যাচ্ছে বলে তদন্ত কর্মকর্তা দাবি করেন। তিনি বলেন, এসব তথ্য যাচাই করে দেখা হচ্ছে। এর আগে সামিউলের মা আয়েশাকে প্রথম দফায় চার দিনের রিমান্ডে নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করেছিল।গত ২২ জুন সাড়ে পাঁচ বছর বয়সী সামিউল আজিম নিখোঁজ হয়। দুই দিন পর শিশুটির বস্তাবন্দী লাশ উদ্ধার হয় বাসার কাছে একটি ফাঁকা জায়গা থেকে।এ ঘটনায় শিশু সামিউলের বাবা কে আর আজম বাদী হয়ে স্ত্রী আয়েশা হুমায়রা (২৭) ও স্ত্রীর প্রেমিক আরিফকে আসামি করে মামলা করেন।