আয়েশা কারাগারে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশু সামিউলের মা আয়েশা হুমায়রাকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল বুধবার দ্বিতীয় দফায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর হলেও পুলিশ তাঁকে থানায় নেয়নি।পুলিশ সূত্র জানায়, গতকাল বুধবার আদাবর থানার পুলিশ দ্বিতীয় দফায় সাত দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আয়েশাকে মুখ্য মহানগর হাকিমের আদালতে পাঠায়। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। কিন্তু পুলিশ থানায় নিয়ে না যাওয়ায় আদালত তাঁকে কারাগারে পাঠান। সন্তান সামিউলকে খুনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গত ২৪ জুন আদাবর থানার পুলিশ আয়েশাকে গ্রেপ্তার করে চার দিনের রিমান্ডে নেয়।মামলার তদন্ত কর্মকর্তা আদাবর থানার উপপরিদর্শক (এসআই) কাজী সাহান হক জানান, আয়েশার বন্ধু শামসুজ্জামানের আদালতে দেওয়া জবানবন্দি যাচাই করে দেখা হচ্ছে। পরে আয়েশা ও শামসুজ্জামানের স্ত্রী নাদিবা বেগম সাথীকে কারাগার থেকে থানায় আনা হবে। গত মঙ্গলবার সাথীর তিন দিন রিমান্ড মঞ্জুর হলেও পুলিশ তাঁকে থানায় আনেনি। বর্তমানে সাথী কেন্দ্রীয় কারাগারে আছেন। গত মঙ্গলবার গ্রেপ্তারের পর পুলিশ শামসুজ্জামানের ভাই নুরুজ্জামানকে আদালতে পাঠালে তাঁকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।তদন্ত কর্মকর্তা জানান, প্রথম দফা রিমান্ডে আয়েশা তাঁর সন্তানকে খুন করার কথা স্বীকার করেননি। তিনি এই হত্যাকাণ্ডের জন্য তাঁর বন্ধু শামসুজ্জামানকে দায়ী করেন। গত মঙ্গলবার শামসুজ্জামান আদালতে দেওয়া স্বীকারোক্তিতে বলেন, আয়েশার সঙ্গে তাঁর সম্পর্ক দেখে ফেলায় তিনি সামিউলকে গলা টিপে হত্যা করেন। হত্যাকাণ্ডে আয়েশা তাঁকে সহায়তা করেন।গত ২৪ জুন সাড়ে পাঁচ বছর বয়সী খন্দকার সামিউল আজিম নিখোঁজ হয়। দুই দিন পর শিশুটির বস্তাবন্দী লাশ উদ্ধার হয় বাসার কাছে একটি ফাঁকা জায়গা থেকে।