আয়েশা ফয়েজ সাহিত্য পুরস্কার পেলেন সোনালী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আয়েশা ফয়েজ সাহিত্য পুরস্কার ২০১৬’ পেয়েছেন সোনালী ইসলাম ও তামান্না সেতু। আজ বুধবার বিকেলে বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

প্রথমবারের মতো আয়েশা ফয়েজের নামে এ পুরস্কার চালু করেছে সাহিত্য প্রকাশনা প্রতিষ্ঠান তাম্রলিপি। পুরস্কার প্রদান অনুষ্ঠানে সভাপতি বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান বলেন, আয়েশা ফয়েজের মতো নারী এই সমাজে খুব বেশি নেই। তিনি যে পরিবার তৈরি করে গেছেন, ওই পরিবারের সদস্যরা জাতীয় পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখছেন।
অনুষ্ঠানে আলোচকেরা বলেন, আয়েশা ফয়েজের পরিচয় তিনি ১৯৭১ সালে পাকিস্তান সেনাবাহিনীর হাতে শহীদ হওয়া ফয়জুর রহমানের স্ত্রী। তিনি হ‌ুমায়ূন আহমেদ, সুফিয়া হায়দার, মুহম্মদ জাফর ইকবাল, মমতাজ শহীদ, আহসান হাবীব ও রোকসানা আহমেদের মা। স্বামীর মৃত্যুর পর এই নারীকে ভয়ংকর জীবনের মুখোমুখি হতে হয়। যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে সহায়-সম্বলহীন এই জননী বুক আগলে তাঁর ছেলেমেয়েদের মানুষ করেন। তিনি জীবন যে রকম নামে আত্মজীবনীমূলক একটি বইও লেখেন।
অনুষ্ঠানে অতিথিদের মধ্যে একজন ছিলেন আয়েশা ফয়েজের ছেলে শিক্ষাবিদ ও লেখক মুহম্মদ জাফর ইকবাল। তিনি তাম্রলিপিকে ধন্যবাদ দেন তাঁর সাদাসিধে মায়ের নামে এ ধরনের একটি পুরস্কার চালু করার জন্য।
মুহম্মদ জাফর ইকবাল বলেন, ‘আজ মাকে স্মরণ করছি। সাদাসিধে মা না থাকলে আমরা কোথায় থাকতাম?’ এ কথা বলেই আবেগাপ্লুত হয়ে যান তিনি।
মানবাধিকারকর্মী সুলতানা কামাল বলেন, ‘যাঁর নামে এই পুরস্কার, তিনি ছিলেন একজন মহীয়সী নারী, মুক্তিযোদ্ধা ও একজন মা। প্রতিটি নারী মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেন। তাই আলবদর, রাজাকারের তালিকায় কোনো নারীর নাম নেই।’
শিক্ষাবিদ আনোয়ার হোসেন তাঁর বক্তব্যে দুজন নারী এই পুরস্কার পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন।
অনুষ্ঠানের শুরুতে তাম্রলিপির প্রকাশক এ কে এম তারিকুল ইসলাম বক্তব্য দেন। পুরস্কারপ্রাপ্ত দুই নারী লেখকের নাম ঘোষণা করেন আয়েশা ফয়েজের মেয়ে সুফিয়া হায়দার। পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিরা তাঁদের অনুভূতি প্রকাশ করেন। পুরস্কার হিসেবে সোনালী ইসলাম ৫০ হাজার ও তামান্না সেতু ২৫ হাজার টাকা আর্থিক সম্মাননা পেয়েছেন।