আয়েশা মেমোরিয়াল হাসপাতাল-ওয়াইডব্লিউসিএর 'গ্রিন র্যালি' অনুষ্ঠিত
বিশ্ব পরিবেশ দিবস-২০১৪ পালনের অংশ হিসেবে পরিবেশ বিষয়ে সচেতনতা তৈরি করতে গ্রিন র্যালির আয়োজন করেছে আয়েশা মেমোরিয়াল হাসপাতাল ও ইয়াং উইমেন ক্রিষ্টিয়ান অ্যাসোসিয়েশন (ওয়াইডব্লিউসিএ)। ‘পরিবেশ ন্যায্যতাসম্পন্ন একটি পৃথিবী আমাদের স্বপ্ন’কে প্রতিপাদ্য ধরে র্যালিটি করা হয়। খবর বিজ্ঞপ্তির।
আজ শনিবার সকাল আটটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট চত্বরে এ র্যালির উদ্বোধন করেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আয়েশা মেমোরিয়াল হাসপাতালের পরিচালক আশীষ কুমার চক্রবর্তী, ওয়াইডব্লিউসিএর জাতীয় সভানেত্রী নেলী সাহা, জাতীয় সাধারণ সম্পাদক হেলেন মনীষা সরকার, ঢাকা ওয়াইডব্লিউসিএর সাধারণ সম্পাদক সিলভিয়া শান্তশ্রী মজুমদার, চিত্রনায়ক ফেরদৌস ও রিয়াজ এবং সাংবাদিক শাহনাজ মুন্নী প্রমুখ।
র্যালিটি চারুকলা ইন্সটিটিউট থেকে শুরু হয়ে শিশু একাডেমিতে গিয়ে শেষ হয়। এতে ওয়াইডব্লিউসিএর সদস্য, উপকারভোগী, ফ্রি-স্কুল ও পে-স্কুলের শিক্ষার্থী, বাংলাদেশ ওয়াইডব্লিউসিএ ও ঢাকা ওয়াইডব্লিউসিএর সংস্থার কর্মীসহ প্রায় ১৫০০ জন অংশগ্রহণ করেন। র্যালিতে প্রধানমন্ত্রীর বরাবর একটি পরিবেশবিষয়ক স্মারক প্রস্তাব প্রধান অতিথির কাছে হস্তান্তর করা হয়।
এই আয়োজনের হেল্থ কেয়ার পার্টনার আয়েশা মেমোরিয়াল স্পেশালাইজ্ড হসপিটাল প্রাইভেট লিমিটেড। ইভেন্ট পার্টনার ছিল ফ্যাক্টর থ্রি সলিউশ্যন্স।