আয়েশা মেমোরিয়াল হাসপাতালে পাঁচ মাকে সম্মাননা

‘বিশ্ব মা দিবস’ দিবস উপলক্ষে রাজধানীর মহাখালীর আয়েশা মেমোরিয়াল হাসপাতালে আজ রোববার বিশেষ সম্মাননা পুরস্কার দেওয়া হয়েছে। অনুষ্ঠানে পাঁচজন গরবিনী মাকে সম্মাননা দেওয়া হয়। পাশাপাশি হাসপাতালে জন্মগ্রহণ করা শিশুসহ ১৫ জন মা-বাবাকে শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষাবিদ ড. আনিসুজ্জামান। অনুষ্ঠানে যে পাঁচজনকে সম্মাননা দেওয়া হয় তাঁরা হলেন কথাসাহিত্যিক রাবেয়া খাতুন, মুক্তিযুদ্ধের সংগঠক ও নারী উদ্যোক্তা মালেকা খান, আছিয়া আশরাফ (চিত্রনায়ক ফেরদৌসের মা), নাট্যব্যক্তিত্ব শর্মিলী আহমেদ এবং অদম্য মেধাবী ছাত্রী শেফালী আক্তারের মা মোছাম্মত্ সানোয়ারা বেগম। তাঁদের শুভেচ্ছা ক্রেস্ট, মেডেল ও উপহার সামগ্রী দিয়ে সম্মান জানানো হয়।
হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন হাসপাতালের পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী, আনন্দ আলোর সম্পাদক রেজানুর রহমান, অদম্য মেধাবী শেফালী আক্তার, চিত্রনায়ক ফেরদৌস, স্ত্রীরোগ বিশেষজ্ঞ কর্নেল ডা. নুরুন্নাহার হোসেন, উপস্থিত মায়েদের পক্ষে রুমা চক্রবর্তী এবং নেসলের সাপ্লাই চেইন ম্যানেজার সুমাইয়া রশিদ। মা দিবসে বিনোদন সাংবাদিক অভি মঈনুদ্দীনকে কৃতজ্ঞতা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠান সঞ্চালন করেন ডা. গুলজার হোসেন উজ্জ্বল। বিজ্ঞপ্তি।