আয়েশা সিদ্দিকা বিদ্যালয়ে শিক্ষার্থী ১৩, শিক্ষক ৪
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ধাওয়া ইউনিয়নের আয়েশা সিদ্দিকা নিম্নমাধ্যমিক বিদ্যালয় চলছে ১৩ জন শিক্ষার্থী আর চারজন শিক্ষক নিয়ে।সরেজমিনে গিয়ে দেখা গেছে, বিদ্যালয়ে অষ্টম শ্রেণীতে চারজন, সপ্তম শ্রেণীতে ছয়জন ও ষষ্ঠ শ্রেণীতে তিনজন শিক্ষার্থী ক্লাস করছে। চারজন শিক্ষকের মধ্যে তিনজন আছেন।বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোনিয়া রহমান অনুপস্থিত। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আ. বারী জানান, প্রধান শিক্ষকের বাসা বিদ্যালয়ের কাছে হওয়ায় তিনি মাঝেমধ্যেই অনুপস্থিত থাকেন। আর এ এলাকায় বাল্যবিবাহের প্রভাব বেশি হওয়ায় এ বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি হলেও পরে তা ঝরে যায়। প্রধান শিক্ষক সোনিয়া রহমানের সঙ্গে যোগাযোগের জন্য তাঁর মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি। বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ফাতেমা জান্নাত ও যুথি আক্তার বলে, ‘আমরা এই কজন এ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়েছি। ভালোভাবে পাঠদান করানো হলে আমরা জেএসসিতে অনেক ভালো করতাম। গতবার এ বিদ্যালয় থেকে চারজন জেএসসি পরীক্ষা দিয়ে দুজন পাস করেছে।’খোঁজ নিয়ে জানা গেছে, ধাওয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) বর্তমান চেয়ারম্যান সিদ্দিকুর রহমান তাঁর মা আয়েশা সিদ্দিকার নামে রাজপাশা গ্রামে ১৯৯৫ সালে ১০২ শতাংশ পৈতৃক সম্পত্তিতে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। তিনি বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক, তিন সহকারী শিক্ষক, একজন তৃতীয় ও দুজন চতুর্থ শ্রেণীর কর্মচারী ১৯৯৮ সালে এমপিওভুক্ত হন। খাতাপত্রে বিদ্যালয়ের ষষ্ঠ, সপ্তম ও অষ্টম—এ তিনটি শ্রেণীতে মোট ৫০-৬০ জন শিক্ষার্থীর নাম রয়েছে।স্থানীয় সমাজসেবক কাজী শওকত উল্লাহ, মো. আবু জাফর ও কে এম মাহবুবুর রহমান জানান, সরকারি নিয়ম অনুযায়ী দুই কিলোমিটারের মধ্যে দুটি বিদ্যালয় প্রতিষ্ঠা করা যাবে না। কিন্তু এ ক্ষেত্রে এ নিয়ম ভঙ্গ করা হয়েছে। কাজী শওকত উল্লাহ বলেন, এ বিদ্যালয়ের অল্প দূরে রয়েছে ধাওয়া রাজপাশা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়। আয়েশা সিদ্দিকা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়টি প্রভাব খাটিয়ে প্রতিষ্ঠা করা হয়েছে।ভান্ডারিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আ. জলিল বলেন, একটি নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে সর্বনিম্ন ১০০ জন শিক্ষার্থী থাকার কথা। কিন্তু সে ক্ষেত্রে আয়েশা সিদ্দিকা নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী কাগজপত্রে আছে ৩৫-৪০ জন। বাস্তবে আরও কম। বর্তমানে ওই বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা সব সরকারি সুযোগ-সুবিধা পেয়ে আসছেন। তবে বিদ্যালয়টি অকার্যকর বিদ্যালয়ের তালিকায় রয়েছে। এ উপজেলায় এ রকম আরও পাঁচটি বিদ্যালয় রয়েছে, যার তালিকা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীর সংখ্যা বাড়ানোর জন্য অকার্যকর বিদ্যালয়গুলোকে সতর্ক করে চিঠি দেওয়া হয়েছে।