নিহত শিশু সামিউলের মা আয়েশা হুমায়রাকে তিন দফায় ১৪ দিনের রিমান্ড শেষে আজ সোমবার আদালতে পাঠানো হবে। শিশুটির ষষ্ঠ জন্মবার্ষিকী আজ সোমবার। আদাবর থানা সূত্র জানায়, গতকাল রোববার শিশুটির মা আয়েশার পাঁচ দিনের রিমান্ড শেষ হয়েছে। এর আগে দুই দফায় তাঁকে নয় দিনের রিমান্ডে আনা হয়। তদন্তকারী সূত্র জানায়, আয়েশাকে এ নিয়ে তিন দফায় রিমান্ডে আনা হলে বার বার তিনি তাঁর সন্তান হত্যার জন্য শামসুজ্জামানকে দায়ী করেন। আয়েশা স্বীকার করেন, তাঁর সঙ্গে শামসুজ্জামানের সম্পর্ক ছিল। কিন্তু তিনি খুনের বিষয়ে কিছুই জানেন না। শিশুটির বাবা কে আর আজম গতকাল ছেলের জন্মদিনের কথা মনে করে কেঁদে ফেলেন। তিনি প্রথম আলোকে বলেন, জন্মদিনে সামিউলকে খুব বেশি মনে পড়ছে। জন্মবার্ষিকীতে স্বামী-স্ত্রী মিলে তাঁরা সন্তান সামিউলকে নিয়ে ঢাকার চায়নিজ রেস্তোরাঁয় গিয়ে খাওয়া-দাওয়া করতেন। আজ ঢাকায় ও তার গ্রামের বাড়ি রাজবাড়ীর মাঝবাড়িতে জুমার নামাজে সামিউলের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদের আয়োজন করা হয়েছে। আজম বলেন, ‘জানি আজকের দিনটিতে বাবুকে (সামিউলকে) ফিরে পাব না। ঘরেতে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকা সামিউলের পরনের কাপড়চোপড় ও রেখে যাওয়া খেলনা নিয়ে স্মৃতি হিসেবে দিন কাটাব।’ মামলার তদন্তকারী সূত্র জানায়, গত শনিবার দুপুরে আজম নিজের নিরাপত্তা চেয়ে আদাবর থানায় জিডি করতে গিয়ে দেখেন, আয়েশা ডিউটি অফিসারের কক্ষে বসে আছেন। এ সময় আয়েশা আজমকে বলেন, ‘আমাকে ক্ষমা করে দাও, আমি নতুন করে সংসার করতে চাই। আমি হত্যার বিষয়ে কিছু জানি না।’ জবাবে আজম বলেন, ‘তোমাকে আমি ক্ষমা করতে পারব না। তোমার পরোক্ষ সমর্থনে আমি বাচ্চা হারিয়েছি।’তদন্তকারী সূত্র জানায়, গত ২২ জুন শিশু খন্দকার সামিউল আজিম নিখোঁজ হয়। দুই দিন পর গত ২৪ জুন শিশু সামিউলের বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয় তাদের বাসার কাছে একটি ফাঁকা জায়গা থেকে। সামিউল মোহাম্মদপুরের শিয়া মসজিদসংলগ্ন গ্রিন উডস স্কুলে নার্সারি শ্রেণীতে পড়ত। এ ঘটনায় সামিউলের বাবা কে আর আজম বাদী হয়ে স্ত্রী আয়েশা হুমায়রা ও স্ত্রীর বন্ধু শামসুজামান আরিফকে আসামি করে মামলা করেন। আদাবর থানার পুলিশ মামলাটি তদন্ত করছে।