>

পৌনে ২ লাখ ক্ষতিগ্রস্ত পরিবার এখনো ত্রাণ সহায়তার বাইরে
বৈশাখ থেকে জ্যৈষ্ঠ। ধান ঘরে তোলার ব্যস্ত সময় পার করেন হাওরের মানুষ। এ দুই মাস শেষে বর্ষাকাল পুরোটা অলস সময় কাটে তাঁদের। হাওরে বর্ষায় কোনো কাজ থাকে না। মানুষ আয়েশে থাকেন। আয়েশের মূলে হচ্ছে ‘উগার’ ভরা ধান। কিন্তু এবার আসছে বর্ষায় সেই আয়েশে কাটানোর সুযোগ নেই। বর্ষার আয়েশি সময়ে ভর করেছে অভাবের থাবা। এক ফসলি হাওরের ধান পাকার আগেই ফসলডুবি ঘটেছে। এক মুঠো ধান ঘরে তোলার সুযোগ হয়নি তাঁদের।
হাওরের কৃষক বজলুর রশীদের (৫০) ছয় সদস্যের পরিবার। দুই ছেলে ও তিন মেয়ে। এক মেয়ের বিয়ে দিয়েছেন। বড় ছেলে আলীরাজ এবার এসএসসি পাস করেছে। অন্য তিন ছেলেমেয়েও স্কুলে পড়ে। ফসলহানির পর আলীরাজ এক মাস নেত্রকোনায় গিয়ে নির্মাণশ্রমিকের কাজ করেছেন। সেই টাকায় এত দিন টেনেটুনে চলেছে সংসার। সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা বেহেলী ইউনিয়নের বদরপুর গ্রামে তাঁর বাড়ি। হাওরের আয়েশি সময়ে এবারই প্রথম অভাবের মুখোমুখি তিনি।
শুধু বজলুর রশীদের পরিবারে নয়, হাওরের সব পরিবারে এখন এ অবস্থা। গত ২৭ মার্চ থেকে সুনামগঞ্জে অতিবৃষ্টি ও উজান থেকে পাহাড়ি ঢল নামতে শুরু হয়। এরপর একের পর এক হাওরের ফসল রক্ষা বাঁধ ভেঙে কাঁচা বোরো ধান তলিয়ে যায়। কাঁচা ধানগাছ পচে অ্যামোনিয়া গ্যাসে পানি দূষিত হয়ে মাছ ও হাঁসও মরতে শুরু করে। সুনামগঞ্জে ৫০ মেট্রিক টন মাছ ও আড়াই হাজার হাঁস মারা যায়।
জেলা প্রশাসনের তথ্য বলছে, সুনামগঞ্জে এবার ১৫৪টি হাওরে ২ লাখ ২৩ হাজার ৮২ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছিল। পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে ১ লাখ ৬৬ হাজার ৬১২ হেক্টর জমির ধান তলিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের সংখ্যা ৩ লাখ ২৫ হাজার ৯৯০। এর মধ্যে বিশেষ ভিজিএফ পাচ্ছে দেড় লাখ পরিবার। বাকি প্রায় পৌনে ২ লাখ ক্ষতিগ্রস্ত পরিবার এখনো ত্রাণ সহায়তার বাইরে আছে।
হাওরবাসীর কষ্ট লাঘবে সরকার কী করছে জানতে চাইলে সুনামগঞ্জ-৩ আসনের সাংসদ অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান প্রথম আলোকে বলেন, সরকারের বিশেষ ভিজিএফ কর্মসূচি আগামী ফসল তোলার আগ পর্যন্ত চলবে। এই সহায়তার পরিমাণ আরও বাড়ানো হবে। একই সঙ্গে সরকারের নানা কর্মসূচি চলমান। প্রয়োজনীয় যা কিছু দরকার হাওরের ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সরকার করবে।
সরেজমিনে হাওরপারের গ্রাম
গহিন হাওর এলাকার একটি গ্রাম বদরপুর। সরেজমিনে গিয়ে জানা গেল, ২২০টি খানার বদরপুরের সবাই কৃষির ওপর নির্ভরশীল। যাঁদের জমি নেই তাঁরা বর্গাচাষ করেন। গত বছরের ফসল নষ্ট হয়ে যাওয়ায় একটি বছর খুব কষ্টে গেছে। পরে সরকারি-বেসরকারি সংস্থা ও মহাজনি সুদে ঋণ নিয়ে জমিতে বোরো ধান লাগিয়েছিলেন। কিন্তু এবার বাঁধ ভেঙে সব ধান পানিতে তলিয়ে যাওয়ায় নিঃস্ব তাঁরা। অনেকেই ঘরের গরু-ছাগল বিক্রি করতে শুরু করেছেন।
হাওরে ফসলহানির পর সরকারের পক্ষ থেকে বিশেষ ভিজিএফের মাধ্যমে ৩০ কেজি চাল ও নগদ ৫০০ টাকার যে সহায়তা দেওয়া হচ্ছে, সেই তালিকায় বদরপুর গ্রামের নাম আছে ৮২ জনের। বাকিরা কোনো সহায়তা পাননি। ৪ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য জয়নাল আবেদীন জানালেন, হালির হাওরে তাঁর ১৬ একর জমি ছিল। সব ধান তলিয়ে গেছে। জয়নাল বলেন, ‘অন্যের কথা কী বলব, আমি নিজেই তো পথে বসে গেছি! এলাকার ধনী-গরিব সবার এক অবস্থা। ঘরে কোনো খাবার নেই। কোনো কাজ নেই। মানুষ এলাকা ছাড়ছে। সামনে আরও কঠিন দিন।’
এই কঠিন দিনের কথা বলতে গিয়ে বাবুল চন্দ্র পাল (৪৮) জানালেন, তিনটা গরু বিক্রি করে এত দিন চলেছেন। এক মেয়ে গত বছর এসএসসি পাস করে কলেজে ভর্তি হয়েছিল। তাকে বাড়িতে নিয়ে এসেছেন। আরেক ছেলে নবম শ্রেণিতে পড়ত, তাকে পোশাক কারখানায় কাজে দিয়েছেন ঢাকায়, সপ্তম শ্রেণিতে পড়ুয়া আরেক ছেলেকে পাঠিয়েছেন নেত্রকোনায় এক আত্মীয়ের বাড়িতে। ছোট ছেলে চতুর্থ শ্রেণিতে পড়ে। সবার লেখাপড়া বন্ধ।
শিপ্রা রানী শীলের (৪০) ঘরের সামনে গিয়ে তাঁর স্বামীর খোঁজ করতেই চোখের পানি গড়িয়ে পড়তে দেখা গেল। জানালেন, অন্যদের সঙ্গে কাজের সন্ধানে বাড়ি ছেড়েছেন স্বামী পিযুষ চন্দ্র শীল। সপ্তম শ্রেণিতে পড়ুয়া ছেলে সৌরভ ও চতুর্থ শ্রেণিতে পড়ুয়া মেয়ে রিমাকে নিয়ে ঘরে আছেন তিনি। শিপ্রা জানান, ঘরে চাল নেই। আগের দিন রাতে ও সকালে ছেলেমেয়েকে নিয়ে আটার রুটি খেয়েছেন। দুপুরে কী খাবেন জানতে চাইলে, দুই হাতে ছেলেমেয়েকে জড়িয়ে ধরেন শিপ্রা। বলেন, ‘কষ্টের কথা কিতা খইতাম। এরা সকাল থাকি কর ভাত খাইত, আমি ভাত পাইতাম কোয়াই। মিছা সান্ত্বনা দিয়া কইছি রাইতে ভাত রানমুনে। দেখি কেউর ঘরে এক মুইঠ চাউল পাই কি না।’
গ্রাম পাহারা
বদরপুরগ্রাম ঘুরে কয়েকটি ঘর তালাবদ্ধ পাওয়া গেল। এরা পরিবারের সবাইকে নিয়ে গ্রাম ছেড়েছেন। তাঁদের কেউ কেউ সিলেট, ময়মনসিংহ ও ঢাকায় চলে গেছেন। আবার যেসব ঘরের পুরুষেরা কাজের সন্ধানে গেছেন, সেসব ঘরে আছেন শুধু নারী-শিশুরা। এসব নারী-শিশুর মধ্যে ভয়ও আছে। সবার সামনেই এক বৃদ্ধা বললেন, ‘খাই না খাই ইজ্জত ত বাছাইতে অইব। ঘরে মেয়েছেলার আছে না।’
এসব মাথায় রেখেই গ্রামে রাতে পাহারার ব্যবস্থা করা হয়েছে। আগামী তিন মাসের জন্য চারজনকে রাখা হয়েছে। প্রতি মাসে তাদের তিন হাজার টাকা করে দেওয়া হবে। সাবেক ইউপি সদস্য জয়নাল আবেদীন জানালেন, শুধু বদরপুর নয়, এভাবে এখন হাওরপারের বিভিন্ন গ্রামে পাহারার ব্যবস্থা করা হয়েছে। হাওরের ফসল গেছে বৃদ্ধ বজেন্দ্র পাল ও বিকাশ পালেরও। এই দুজন এখন রাতে গ্রাম পাহারা দেন। বজ্রেন্দ্র পাল (৭৫) বললেন, ‘সব দিক চিন্তা কইরাই আমরা এই ব্যবস্থা করছি। মাইয়া-ছেলেরা একা একা ঘওর থাকে। এ ছাড়া কিছু ঘর তো একবারে খালি।’
ফসলহারা, ঘরহারা তাঁরা
‘খেতের ধান ডুবি যাওয়ায় তাইনের (স্বামী) মাথা ধরা। পরে তুফানে (ঝড়ে) ঘরও ভাঙছে। এখন খাওন নাই, থাকার জায়গা নাই। কেউ একটা চাউল, একটা টেখা দিয়া সায্য করছে না। খাইতাম কিলা আর ঘর বানাইতাম কিলা। তাইনের কুনু কামও (কাজ) নাই। অখন পাঁচ পুয়া-পুরি (ছেলেমেয়ে) নিয়া আরেক ঘরও থাকি।’
পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে হাওরের ফসল এবং ঝড়ে মাথা গোঁজার ঠাঁই হারিয়ে দিশেহারা কৃষক শফিকুল ইসলামের স্ত্রী দিলারা বেগম এভাবেই বলছিলেন তাঁদের চরম অসহায়ত্বের কথা। দিলারা বেগমের বাড়ি জেলার বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের নয়াহাটি গ্রামে। এই গ্রামের ক্ষতিগ্রস্ত ৬০টি পরিবারের অনেকেই এখনো কোনো ত্রাণ সহায়তা পাননি। গ্রামের ২১টি পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁরা কেউই ত্রাণ সহায়তা পাননি। সরকারের বিশেষ ভিজিএফ সহায়তার তালিকায় তাঁদের নাম নেই। ফজলু মিয়া (৬০) ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমাদের গ্রামে ১৫-১৬টি পরিবার চাল ও টাকা পাইছে। এর মাঝে এক পরিবারে দুজনও আছে। বাকিরা পায়নি। চেয়ারম্যান-মেম্বারেরা দেইখা দেইখা তালিকায় তাদের লোকের নাম দিছে।’
দিলারা বেগম বলছিলেন, তাঁর স্বামী প্রতিদিন সকালে কাজের সন্ধানে বের হন। কাজ পেলে খাবার জোটে, না হলে চার মেয়ে ও এক ছেলে নিয়ে উপোস থাকেন। দিলারার স্বামী শফিকুল ইসলামের ভাই ইয়াজুল ইসলাম হাওরে ফসলহানির পর পরিবার নিয়ে কাজের সন্ধানে ঢাকায় চলে গেছেন। এখন নিজের ঘর না থাকায় ইয়াজুলের ঘরে থাকেন দিলারা।
এ বিষয়ে জানতে চাইলে সুনামগঞ্জ-৪ আসনের সাংসদ (সুনামগঞ্জ সদর-বিশ্বম্ভরপুর) পীর ফজলুর রহমান মিসবাহ প্রথম আলোকে বলেছেন, ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের অর্ধেকের বেশি এখনো সহায়তার বাইরে আছেন। যে কারণে সমস্যা হচ্ছে, নানা অভিযোগও উঠছে। অবস্থা এতটাই সংকটাপন্ন যে ত্রাণ সহায়তার প্রচলিত ধারণার বাইরে কিছু করার চিন্তা করতে হবে।
বরাদ্দ কম
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আমিনুর রশিদ বলেন, ‘আমার ইউনিয়নে ক্ষতিগ্রস্ত হয়েছেন চার হাজার কৃষক। বরাদ্দ পেয়েছি মাত্র ১ হাজার ৫৬৫ জনের। ২ হাজার ৫০০ জনকে দেওয়া যাচ্ছে না। এ নিয়ে বেকায়দায় পড়েছি।’
সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মো. জহুর আলী জানান, তাঁর ওয়ার্ডে ক্ষতিগ্রস্ত কৃষক ৫১৭ জন। তিনি বরাদ্দ পেয়েছেন ১৭৫ জনের। অন্যরা তাঁর ওপর ক্ষুব্ধ। জহুর আলী বলেন, ‘সবাই ক্ষতিগ্রস্ত, সহায়তা চাইছে। কিন্তু আমরা দিতে পারছি না। যারা পাচ্ছে তারা খুশি, বঞ্চিতরা গালমন্দ করছে।’
সরকারি তালিকায় ক্ষতিগ্রস্ত পৌনে দুই লাখ পরিবার এখনো ত্রাণ সহায়তার বাইরে থাকার বিষয়টি উদ্বেগের বলে স্বীকার করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমরা ক্ষতিগ্রস্ত মানুষদের বিষয়ে সার্বক্ষণিক খোঁজ রাখছি এবং সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেÿঅবহিত করছি। বিশেষ ভিজিএফ সহায়তা কর্মসূচির আওতায় আরও এক লাখ মানুষকে যুক্ত করা গেলে সমস্যা অনেকাংশে কমবে।’
এনজিওদের ‘কিস্তি যন্ত্রণা’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৩০ এপ্রিল সুনামগঞ্জের শাল্লা উপজেলায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণকালে কৃষিঋণের অর্ধেক সুদ মওকুফের ঘোষণা দেন। তিনি বেসরকারি সংস্থাগুলোকে ঋণের কিস্তি আদায় বন্ধ রাখতে বলেন। কিন্তু এরপরও ঋণের কিস্তি আদায় বন্ধ হয়নি। জেলা প্রশাসন বেসরকারি সংস্থাগুলোকে নিয়ে বৈঠক করে প্রধানমন্ত্রীর নির্দেশের কথা স্মরণ করিয়ে দিলেও কোনো কাজ হয়নি।
বদরপুর গ্রামের সন্ধ্যা রানী পাল গত শুক্রবার কিস্তি আদায়ের বই দেখিয়ে জানালেন, এনজিওগুলোর কর্মীরা কিস্তি না নিয়ে বাড়ি থেকে যান না। কিস্তি না দিলে আর কোনো দিন ঋণ দেবেন না বলেও হুমকি দেন। ফসলহানির পরও তিনি কিস্তি দিয়ে যাচ্ছেন। গত ২৬ মেতিনি ৬২৫ টাকা কিস্তি দিয়েছেন। গ্রামের সম্পদ চন্দ্র শীল জানান, তিনি কিস্তি না দিতে পারায় তাঁর সঞ্চয় থেকে কেটে সেই কিস্তি সমন্বয় করা হয়েছে। একই অভিযোগ করেন শ্রীমতী পাল।
সন্ধ্যা রানী পালের ঘরে থেকে ওই এনজিওর ঋণের কিস্তি আদায়কারীর সঙ্গে ফোনে কথা বললে তিনি জানান, তাঁরা কোনো চাপ দিচ্ছেন না। যাঁরা দিতে পারছেন তাঁদের কাছ থেকে নিচ্ছেন। কিস্তি আদায় বন্ধ কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা তো হেড অফিস থেকে কোনো চিঠি পাই নাই।’
এ প্রসঙ্গে ‘হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন’-এর আহ্বায়ক বজলুল মজিদ চৌধুরী বলেন, ‘এ মুহূর্তে ফসলহারা মানুষের কাছে সবচেয়ে আতঙ্ক ও যন্ত্রণার নাম এনজিও ঋণের কিস্তি। আমরা বুঝতে পারি না প্রধানমন্ত্রী বলার পরও কোন সাহসে এনজিওর কর্মীরা কিস্তির জন্য অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে ঋণের কিস্তির জন্য চাপ দেন, টাকা আদায় করেন।’
এ ব্যাপারে জেলা প্রশাসক বলেছেন, এনজিওদের বলে দেওয়া হয়েছে ঋণের কিস্তি আদায় বন্ধ রাখতে। এ বিষয়ে এনজিও ব্যুরোতেও চিঠি দেওয়া হয়েছে। সেই সঙ্গে কৃষিঋণের বিষয়ে বাংলাদেশ ব্যাংকে চিঠি দেওয়া হয়েছে।