আয়েশে হাসপাতালে কাটিয়ে ফের জেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুরুতর কোনো রোগ ছিল না! তবু তাঁকে কারাগার থেকে এনে রাখা হয় হাসপাতালের কেবিনে। বিশেষ ব্যবস্থায় সেই কেবিনে লাগানো হয় শীতাতপনিয়ন্ত্রণ (এসি) যন্ত্র। বাড়ি থেকে হাসপাতালের ওই কক্ষে আসত খাবারদাবার। রীতিমতো ঘরোয়া পরিবেশে হাসপাতালের কেবিনে বসবাস করতেন। সেই কেবিনেই কাটিয়ে গেছেন ১০ মাস।

তিনি বেসিক ব্যাংকের সাবেক মহাব্যবস্থাপক (জিএম) জয়নাল আবেদীন। সাড়ে ৪ হাজার কোটি টাকা আত্মসাতের মামলায় গত বছরের এপ্রিলে তাঁকে গ্রেপ্তার করা হয়। ওই বছরের জুলাইয়ে তাঁকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। কদিন আগেই তাঁকে আবার ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

অভিযোগ উঠেছে, জয়নাল আবেদীনের কাছ থেকে বেসিক ব্যাংকের ঋণ-সুবিধা পাওয়া একাধিক প্রতিষ্ঠান ওই এসি লাগিয়ে দিয়েছিল। অবশ্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক উত্তর কুমার দাবি করেছেন, কোনো ব্যক্তি নন, হাসপাতাল কর্তৃপক্ষই ওই কেবিনে এসি লাগিয়েছে।

অথচ নিয়ম হলো, গণপূর্ত বিভাগ সরকারি হাসপাতালের সংস্কার বা এসির সংযোগ দেবে। জানতে চাইলে শেরেবাংলা নগরের উপবিভাগীয় প্রকৌশলী কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) আশরাফুল হক প্রথম আলোকে বলেন, সোহরাওয়ার্দী হাসপাতাল কর্তৃপক্ষ কেবিনে এসি সংযোগ দেওয়ার জন্য তাঁদের কাছে কোনো আবেদন করেনি এবং তাঁরাও কোনো এসির সংযোগ দেননি। গণপূর্তের প্রকৌশলীর বক্তব্য সম্পর্কে সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক বলেন, হাসপাতাল থেকে বিভিন্ন সময়ে গণপূর্ত বিভাগে আটটি কেবিনে এসি সংযোগ দেওয়ার চিঠি দেওয়া হয়েছিল।

হাসপাতাল সূত্র বলছে, হাসপাতালের নথিতে গুরুতর রোগের উল্লেখ না থাকা জয়নাল আবেদীন ১০ মাসে কেবিন ভাড়া দিয়েছেন ১ লাখ ২৪ হাজার ৫২৫ টাকা। তাঁকে রেসপিরেটরি মেডিসিন বিভাগের অধীন দোতলায় ৭/এ নম্বর কেবিনে স্থানান্তরের কয়েক দিন পর তাতে এসি লাগানো হয়। তিনি গত বছরের ৩ জুলাই থেকে চলতি বছরের ৭ মে পর্যন্ত এই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ৮ মে তাঁকে আবার কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। তিনি হাসপাতালের খাবার খেতেন না, বাসা থেকে খাবার আসত। নিরাপত্তাকর্মীদের ‘হাত’ করে কেবিনকে বাসার মতো ব্যবহার করতেন, আড্ডা দিতেন।

হাসপাতালটির কেবিন ব্লকে কর্তব্যরত এক কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, বেসিক ব্যাংক থেকে ঋণ-সুবিধা পাইয়ে দেওয়া একাধিক প্রতিষ্ঠান ওই কেবিনে এসি লাগিয়ে দিয়েছিল। জয়নাল আবেদীন যে কেবিনে উঠেছিলেন, সেটি ছিল নন-এসি কেবিন। হাসপাতালে আরও ২৭টি নন-এসি কেবিন আছে। দুটি এসি কেবিন আছে। ভিআইপি বন্দীদের হাসপাতালে থাকা নিয়ে প্রথম আলোয় সম্প্রতি একাধিক প্রতিবেদন ছাপা হলে তাঁকে তড়িঘড়ি করে কারাগারে পাঠানো হয়।

ঢাকা কেন্দ্রীয় কারাগার সূত্র বলেছে, বেসিক ব্যাংকে জালিয়াতির মামলায় ২০১৬ সালের ৪ এপ্রিল দুর্নীতি দমন কমিশন (দুদক) মতিঝিল থেকে ব্যাংকটির জিএম জয়নাল আবেদীনকে গ্রেপ্তার করে। পরে তাঁকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। কারা কর্তৃপক্ষ ওই বছরের ৩ জুলাই জয়নাল আবেদীনকে চিকিৎসার জন্য সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠায়। তাঁকে রেসপিরেটরি মেডিসিন বিভাগের ৭ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। পরদিন তিনি নিজ খরচে কেবিনে ওঠার আবেদন করেন এবং কেবিন পান। এরপর থেকে তিনি ওই কেবিনে ছিলেন। কারাগারের নথিতে তাঁর রোগ লেখা আছে, ‘হাইপার টেনশন উইথ ওল্ড এমআই উইথ চেস্ট পেইন উইথ থ্রোট পেইন’।

হাসপাতালের নথিতে জয়নাল আবেদীনের ‘ক্রনিক অবস্ট্র্যাকটিভ পালমোনারি ডিজিজ’ (ফুসফুসে পুরোনো সংক্রমণ) উল্লেখ ছিল। তবে বুকের এক্স-রের প্রতিবেদনে ‘নরমাল’ (স্বাভাবিক) উল্লেখ রয়েছে। জানতে চাইলে ওই হাসপাতালের কয়েকজন চিকিৎসক প্রথম আলোকে বলেন, এটা কোনো গুরুতর রোগ নয়। এ ধরনের রোগীকে হাসপাতালে ভর্তি করা হয় না। বহির্বিভাগে চিকিৎসা নিলেই রোগ সেরে যায়। তবে ফুসফুসে সংক্রমণ থাকলে বুকের এক্স-রের ফলাফল স্বাভাবিক হবে না।

জানতে চাইলে হাসপাতালের রেসপিরেটরি মেডিসিন বিভাগের প্রধান ও হাসপাতালের পরিচালক উত্তম কুমার বড়ুয়া বলেন, মেডিকেল বোর্ড জয়নাল আবেদীনের কোনো রোগ খুঁজে পায়নি। পরে তাঁকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে যেতে চিঠি দেওয়া হয়।

বেসিক ব্যাংকের সাড়ে ৪ হাজার কোটি টাকা ঋণ জালিয়াতির মাধ্যমে আত্মসাতের অভিযোগ অনুসন্ধান শেষে ২০১৫ সালের ২১, ২২ ও ২৩ সেপ্টেম্বর গুলশান, পল্টন, মতিঝিল থানায় মোট ৫৬টি মামলা করে দুদক। মামলাগুলোর ১২০ জন আসামির মধ্যে বেসিক ব্যাংকের কর্মকর্তা আছেন ২৭ জন। জয়নাল আবেদীন এর কয়েকটি মামলার এজাহারভুক্ত আসামি।