আয়োজন আরও বড় পরিসরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর একটি হোটেলে গতকাল ইএটিএল‍-প্রথম আলো অ্যাপস প্রতিযোগিতা ২০১৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন এশিয়া-প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী l ছবি: প্রথম আলো
রাজধানীর একটি হোটেলে গতকাল ইএটিএল‍-প্রথম আলো অ্যাপস প্রতিযোগিতা ২০১৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন এশিয়া-প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী l ছবি: প্রথম আলো

আগের চেয়ে আরও বড় পরিসরে শুরু হলো ‘ইএটিএল-প্রথম আলো অ্যাপস প্রতিযোগিতা ২০১৫’ অ্যাপস প্রতিযোগিতা। তরুণ শিক্ষার্থীদের জন্য মোবাইল ফোনের অ্যাপ্লিকেশনস (অ্যাপস) তৈরির এ প্রতিযোগিতার আয়োজক এথিকস অ্যাডভান্সড টেকনোলজি লিমিটেড (ইএটিএল) এবং টাইটেল পার্টনার প্রথম আলো।
গতকাল রোববার সকালে রাজধানীর একটি হোটেলে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, ‘প্রযুক্তিকে ব্যবহার করে আমাদের নতুন প্রজন্মের মেধাবীদের এগিয়ে আসার ক্ষেত্রে এ ধরনের প্রতিযোগিতা বেশ সহায়তা করে।’
অনুষ্ঠানে এশিয়া-প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জামিলুর রেজা চৌধুরী দেশের কম্পিউটার বিজ্ঞান ও প্রযুক্তি স্নাতকদের সংখ্যা বাড়ানো এবং অবকাঠামোগত দিকগুলোর দিকে আরও নজর দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, দুই বছর ধরে অ্যাপস তৈরিতে বেশ অগ্রগতি হয়েছে। ২০১০ সালে ‘অ্যাপস’ শব্দটি ‘ওয়ার্ড অব দ্য ইয়ার’ নির্বাচিত হয়েছিল। ফলে অ্যাপসের জনপ্রিয়তা সহজেই বোঝা যায়।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান সুনীল কান্তি বোস বলেন, উপজেলা পর্যায়ে ফাইবার অপটিক কেব্ল নেটওয়ার্ক সম্প্রসারণের কাজ চলছে।
অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের সচিব নজরুল ইসলাম খান, গ্রামীণফোনের প্রধান বিপণন কর্মকর্তা এলেন বঙ্কে, ইএটিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ মুবিন খান, প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ ও প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম বক্তব্য দেন।
মোবাইল অ্যাপস তৈরির এ প্রতিযোগিতা চলবে প্রায় নয় মাস ধরে। প্রাথমিকভাবে ৩১ অক্টোবর পর্যন্ত অনলাইনে অ্যাপস তৈরির ধারণাপত্র জমা দেওয়া যাবে। এ সময়ে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রচারণা চালানো হবে ও সেমিনারের আয়োজন করা হবে।
চূড়ান্ত পর্বে সেরা অ্যাপস নির্মাতা দল পুরস্কার হিসেবে পাবে ১০ লাখ টাকা। দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার যথাক্রমে পাঁচ ও দুই লাখ টাকা। এ ছাড়া শীর্ষ ১০ বিজয়ী পাবেন একটি করে অ্যান্ড্রয়েড স্মার্টফোন ও ইএটিএলে চাকরির সুযোগ। এ ছাড়া এবার জমা পড়া ধারণাগুলোর মধ্যে নির্বাচিত সেরা ধারণাপত্রের জন্য পুরস্কার হিসেবে থাকছে এক লাখ টাকা।
এ আয়োজনের স্ট্র্যাটেজিক পার্টনার আইসিটি বিভাগ, এক্সক্লুসিভ টেলিকম পার্টনার গ্রামীণফোন, মিডিয়া পার্টনার চ্যানেল আই ও রেডিও পার্টনার এবিসি রেডিও। বিস্তারিত: www.eatlapps.com।